রবিবার । ১৪ই জুন, ২০২৬ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

প্রায় দেড় কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

গেজেট প্রতিবেদন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। রবিবার (১৪ জুন) রাতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটক ব্যক্তি হলেন- গোয়ালপাড়া গ্রামের মৃত কাশেম মণ্ডলের ছেলে মো. সিকান্দার আলী (৪০)।

এর আগে রবিবার সকাল ৮টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর মেদিনীপুর বিওপির একটি টহল দল জীবননগর উপজেলার ৪ নম্বর সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মোতালেব মাস্টারের আমবাগান সংলগ্ন কাঁচা সড়কে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিকান্দার আলীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন আকারের মোট ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর মধ্যে ৪টি সম্পূর্ণ বার, ৩টি ভাঙা বার এবং ১টি ভাঙা টুকরা রয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৭৯৩ দশমিক ৬৯ গ্রাম।

প্রাথমিক তদন্তে বিজিবি জানতে পারে, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ৪০৬ টাকা।

এছাড়া অভিযানে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। সবমিলিয়ে উদ্ধারকৃত স্বর্ণ, মোটরসাইকেল ও মোবাইল ফোনের মোট সিজার মূল্য ১ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৪০৬ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, আটক সিকান্দার আলীকে মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ সরকারি বিধি অনুযায়ী চুয়াডাঙ্গা জেলা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন