স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে নারীদের জন্য দু’টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রবিবার (১৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নবনির্মিত ১০ শয্যার আইসিইউ ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে এই পরিকল্পনার কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তনের পরিকল্পনা নিয়েছেন। স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে। ১ লক্ষ্য স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে। যার মধ্যে ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী থাকবে।
তিনি বলেন, সারা দেশে ২০টি হাসপাতাল হবে। এর মধ্যে ১৮টি হাসপাতাল ১ হাজার শয্যাবিশিষ্ট হবে। এছাড়া নারীদের জন্য দু’টি স্পেশালাইজড (বিশেষায়িত) হাসপাতাল হবে। এই দু’টি হাসপাতালে দেড় হাজার শয্যা থাকবে। হাসপাতালগুলোয় মাতৃস্বাস্থ্যসেবা ছাড়াও কিডনি ডায়ালাইসিস, ব্রেস্ট অ্যান্ড ইউটেরাস ক্যানসার, পুনর্বাসন ও সাধারণ চিকিৎসাসহ বিভিন্ন বিশেষায়িত সেবা দেয়া হবে।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আধুনিক চিকিৎসা সুবিধার পাশাপাশি প্রতিটি হাসপাতালে ৫টি করে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স থাকবে। সেই সঙ্গে জরুরি রোগী পরিবহনের জন্য ৪টি হেলিকপ্টার সংযুক্ত করার পরিকল্পনাও রয়েছে বলেও জানান তিনি।
এর আগে রবিবার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে বিভিন্ন অংশে পড়ে থাকা ময়লা-আবর্জনা ও রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। পরে ৩ দিনের মধ্যে হাসপাতালের সার্বিক পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর করার নির্দেশনা দেন তিনি। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন স্বাস্থ্যমন্ত্রী।
খুলনা গেজেট/এএজে

