দেশের ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের সুবিধার্থে আগের কঠোর নির্দেশনা শিথিল করে আগামীকাল শুক্রবার (১২ জুন) থেকে দেশের সব শপিংমল, বিপণিবিতান, মার্কেট ও খুচরা দোকানপাট বেলা ১১টা থেকে টানা রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে এক ভিডিও বার্তায় বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু এ তথ্য নিশ্চিত করেছেন।
ভিডিও বার্তায় আরিফুর রহমান টিপু বলেন, দেশের ব্যবসা-বাণিজ্যের গতি সচল রাখা এবং ক্রেতা-বিক্রেতাদের দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সময়সীমা বাড়ানোর জন্য একটি বিশেষ ও যৌক্তিক আর্জি জানিয়েছিলাম। ব্যবসায়ী সমাজের সেই দাবির পরিপ্রেক্ষিতে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সদয় নির্দেশনায় জনস্বার্থে এই নতুন সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।
দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা সরকারের এই সময় বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এর আগে সরকারি বিধিনিষেধের কারণে নির্দিষ্ট সময়ের পর শপিংমল ও মার্কেট বন্ধ করে দিতে হতো, যার ফলে ব্যবসায়ী সম্প্রদায় বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন এবং সাধারণ মানুষও তাদের প্রয়োজনীয় কেনাকাটা সময়মতো সারতে পারছিলেন না। বিশেষ করে বর্তমান নতুন মেগা বাজেটের এই আবহ ও ব্যবসা-বাণিজ্যের প্রসারের সময়ে সরকারের এই নমনীয় সিদ্ধান্ত দেশের অভ্যন্তরীণ অর্থনীতি ও খুচরা বাজার ব্যবস্থাপনায় অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে।
আগামীকাল শুক্রবার সকাল থেকেই দেশব্যাপী এই নতুন সময়সূচি কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়ম মেনেই দেশের সব মার্কেট ও দোকানপাট পরিচালিত হবে। সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তের পর সারা দেশের ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মাঝে এক স্বস্তির আমেজ ও ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।
খুলনা গেজেট/এএজে

