বৃহস্পতিবার । ১১ই জুন, ২০২৬ । ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

বৃষ্টির পর সিরিজ জিততে বাংলাদেশের সামনে নতুন লক্ষ্য

ক্রীড়া প্রতিবেদক

মিরপুরে বৃষ্টি-বিরতির পর বাংলাদেশের সামনে নতুন লক্ষ্য দাঁড়িয়েছে ৪১ ওভারে ১৯২ রান। দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করা অস্ট্রেলিয়ার ইনিংস থামে ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রানে। এরপর বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকে। ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ১৯২ রান।

বৃষ্টির কারণে ওভার কমে যাওয়ায় বাংলাদেশ ৪১ ওভার ব্যাট করার সুযোগ পাবে। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশের সামনে এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করার সুযোগ।

এর আগে অস্ট্রেলিয়ার ইনিংস শুরু হয়েছিল ভয়াবহ বিপর্যয়ে। স্কোরবোর্ডে কোনো রান ওঠার আগেই ৩ উইকেট হারায় সফরকারীরা। ইনিংসের চতুর্থ বলে ম্যাথু শর্টকে বোল্ড করেন তাসকিন আহমেদ। পরের ওভারে মোস্তাফিজুর রহমান নিজের প্রথম বলেই ফেরান কুপার কনোলিকে। একই ওভারের শেষ বলে ম্যাট রেনশকেও উইকেটকিপার লিটন দাসের ক্যাচ বানান তিনি।

০ রানে ৩ উইকেট হারানোর পরও অস্ট্রেলিয়া পুরোপুরি ভেঙে পড়েনি। জশ ইংলিস ও ক্যামেরন গ্রিন কিছুটা প্রতিরোধ গড়েন। পরে মারনাস লাবুশেন ও জেভিয়ার বার্টলেট সপ্তম উইকেটে গুরুত্বপূর্ণ জুটি গড়ে অস্ট্রেলিয়াকে লড়াই করার মতো জায়গায় নিয়ে যান।

লাবুশেন অপরাজিত থাকেন ৫৫ রানে। ৮৫ বলের ইনিংসে তিনটি চার মারেন তিনি। বার্টলেট করেন ৪৮ বলে ৫২ রান, তাঁর ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা। সপ্তম উইকেটে লাবুশেন ও বার্টলেটের শতরানের জুটিই অস্ট্রেলিয়ার ইনিংসকে বিপর্যয় থেকে টেনে তোলে।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন তাসকিন ও মোস্তাফিজ। তাসকিন ৮ ওভারে ৩৩ রান দিয়ে নেন ৩ উইকেট। মোস্তাফিজ ৭ ওভারে ২৭ রান দিয়ে নেন ৩ উইকেট। তানভীর ইসলাম ১০ ওভারে ৪৫ রান দিয়ে নেন ২ উইকেট।

বৃষ্টির আগে ৪২ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৮ উইকেটে ১৮৭। তখন লাবুশেন ৫৫ ও নাথান এলিস ২ রানে অপরাজিত ছিলেন। এরপর বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। পরে মাঠ পরিদর্শনের পর আম্পায়াররা বাংলাদেশের ইনিংস শুরু করার সিদ্ধান্ত নেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন