শুক্রবার । ১২ই জুন, ২০২৬ । ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় জোর

গেজেট প্রতিবেদন

২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণ, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে মিড-ডে মিল কর্মসূচি এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণসহ একাধিক উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে শিক্ষা খাতসংক্রান্ত পরিকল্পনায়।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে দেশের ৫৫তম বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্কুল ইউনিফর্ম, জুতা ও স্কুলব্যাগ সরবরাহ করা হবে। পাশাপাশি প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে বিশেষায়িত সহায়ক প্রযুক্তি ও শিক্ষাসামগ্রী দেওয়া হবে।

একই সঙ্গে শিক্ষার্থীদের পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে মিড-ডে মিল কর্মসূচি চালু করে তা পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে ছাত্রী ও শিক্ষিকাদের জন্য স্যানিটেশন ও স্বাস্থ্যবিষয়ক সুবিধা জোরদার করা হবে।

অর্থমন্ত্রী বলেন, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়ন, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিল্প-একাডেমিয়া সংযোগ শক্তিশালী করা, অ্যাপ্রেন্টিসশিপ ও ইন্টার্নশিপ সুবিধা বৃদ্ধি এবং স্টার্ট-আপ কার্যক্রমের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দেওয়া হবে।

 

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন