মঙ্গলবার । ২রা জুন, ২০২৬ । ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে উপকমিটি গঠন

গেজেট প্রতিবেদন

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং এলপিজি ও এলএনজি অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের মন্ত্রিপরিষদ উপকমিটি গঠন করেছে সরকার। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার (১ জুন) একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীকে সভাপতি করে ৯ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান, অর্থ বিভাগের সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব।

নতুন এ কমিটি দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প ও উদ্যোগ পর্যালোচনা করবে। বিশেষ করে এলপিজি আমদানি, ভোলা থেকে গ্যাস সরবরাহ, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) এবং স্থলভিত্তিক এলএনজি ও এলপিজি টার্মিনাল স্থাপনের বিষয়গুলো দ্রুত মূল্যায়ন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করবে।

কমিটি প্রয়োজন অনুসারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি সংস্থা ও খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত নিতে পারবে। পাশাপাশি কার্যক্রমের স্বার্থে অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করার ক্ষমতাও রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং এর প্রশাসনিক ও সাচিবিক দায়িত্ব পালন করবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন