গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রীতম বিশ্বাস নামে চার বছরের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় এই উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়াল ৪ জনে। মঙ্গলবার (২ জুন) দুপুরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত প্রীতম বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার তেতুলিয়া গ্রামের প্রসেনজিৎ বিশ্বাসের ছেলে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৮ মে হামের উপসর্গ নিয়ে প্রীতমকে হাসপাতালে ভর্তি করা হয়। সে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিল। পরে সোমবার রাত ১১টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।
এদিকে, গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে এখনও হামের উপসর্গ নিয়ে ৫৬ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১১ জন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৭২ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৬৯ জন।
খুলনা গেজেট/এএজে

