কুষ্টিয়ায় সেনাবাহিনীর প্রশিক্ষণার্থী বহনকারী বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৫ জন। আহতদের কুষ্টিয়ার আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়িয়া পুলিশ ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি একজন ব্যাংক কর্মকর্তা বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে আসা খুলনা ক্যান্টনমেন্টগামী নড়াইল এক্সপ্রেস নামক একটি বাস তালবাড়ীয়া পুলিশ ক্যাম্প এলাকায় পৌঁছলে কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া পাবনাগামী হিমেল সীমান্ত পরিবহন নামক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় দুই বাসে থাকা অন্তত ৫৫ জন আহত হন।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ এই তথ্য নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/এএজে

