শনিবার । ৩০শে মে, ২০২৬ । ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

দরকার হলে ২০০ কি. মি. গতিতে বল করব: শাহীন আফ্রিদি

ক্রীড়া প্রতিবেদক

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে পাকিস্তান। সেই সিরিজে পাকিস্তানের পেসারদের গতি ও ধারহীন বোলিং নিয়ে চলছে তীব্র সমালোচনা। শাহীন শাহ আফ্রিদিসহ পাকিস্তানি পেসারদের গড় গতি নেমে এসেছিল মাত্র ১৩০ কি. মি.-এর ঘরে।

তবে শনিবার (৩০ মে) থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের আগে এই পেস বিতর্ক পাত্তাই দিলেন না পাকিস্তানি অধিনায়ক শাহীন আফ্রিদি। উল্টো এক সাংবাদিকের প্রশ্নে জবাবে রসিকত করে তিনি বলেছেন, দরকার হলে তিনি নাকি ২০০ কি. মি. গতিতে বল করার চেষ্টা করবেন।

জাতীয় দলের পেসারদের গতি কমে যাওয়ার পেছনে অতিরিক্ত ওয়ার্কলোড ও ক্লান্তিকেই মূল কারণ হিসেবে দেখছেন শাহীন। ফাস্ট বোলারদের একটি সচল মেশিনের সাথে তুলনা করেন।

তিনি বলেন, ‘যখন ফাস্ট বোলিংয়ের কথা আসে, তখন মানুষকে বুঝতে হবে যে একটি মেশিন যখন একটানা চলতে থাকে, তখন সেটিরও একসময় রক্ষণাবেক্ষণ বা মেইটটেইন্যান্সের দরকার পড়ে। আমাদের কিছু পেসার গত কয়েকদিনে প্রচুর ক্রিকেট খেলেছে। একজন খেলোয়াড় যখন পুরোপুরি সতেজ এবং বিশ্রামে থাকে, স্বাভাবিকভাবেই সে বেশি তীব্রতা ও গতি নিয়ে বল করতে পারে।’

শাহীন আরও বলেন, ‘পাকিস্তানের ফাস্ট বোলাররা দেশের জন্য সবসময় সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত। কীভাবে আবার গতি বাড়ানো যায়, তা নিয়ে আমরা সবাই ভাবছি এবং কোচ ও ম্যানেজমেন্টও এটা নিয়ে কাজ করছে।’

এরপরই এক সাংবাদিকের ব্যক্তিগত গতির প্রশ্নটি হেসেই উড়িয়ে দেন শাহীন এবং মজার ছলে বলেন, ‘আপনি যদি ব্যক্তিগতভাবে আমার কথা জিজ্ঞেস করেন, তবে আপনার জন্য আমি ২০০ কিলোমিটার গতিতে বল করার চেষ্টা করব।’

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন