সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আমি মন্ত্রী হওয়ার আগে অর্থনৈতিকভাবে আরও বেশি স্বাবলম্বী ছিলাম। মন্ত্রী হওয়ার পরে বরং অর্থনৈতিকভাবে অনেক কষ্টের মধ্যে আছি। বৃহস্পতিবার (২৭ মে) দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মন্ত্রিত্ব নাকি খুবই লোভনীয় বিষয়। কিন্তু যারা এ কথা বলেন, তাদের জন্য বলি, এটি হয়তো আগের ঘটনা হতে পারে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর মন্ত্রিত্ব কোনো লোভনীয় বিষয় নয়, বরং এটি খুবই কঠিন দায়িত্ব।
মন্ত্রী তার দৈনন্দিন ব্যস্ততার কথাও তুলে ধরে বলেন, ফজরের নামাজের পর সকাল ছয়টা থেকেই দৌড় শুরু করতে হয়। কখন প্রস্তুত হবো, কখন অফিসে যাবো, কখন কাজ করবো, এভাবেই রাত দুইটা পর্যন্ত ব্যস্ত থাকতে হয়। কাজেই এটি কোনো লোভনীয় বিষয় নয়।
তিনি বলেন, মন্ত্রিত্ব কোনো সোনার হরিণও নয়, সোনার বাটিও নয়। যে পরিমাণ বেতন দেওয়া হয়, তা দিয়ে সংসার চালানো কঠিন। এজন্যই এখন আবার রোগী দেখা শুরু করেছি। সপ্তাহে তিন দিন দুই ঘণ্টা করে রোগী দেখি, যাতে সংসারটা একটু ভালোভাবে চলে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এএজে

