বুধবার । ২৭শে মে, ২০২৬ । ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

গোপালগঞ্জে ভেঙ্গে পড়লো ঈদগাহের প্যান্ডেল, কখন কোথায় ঈদের জামাত!

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তবে আজ বুধবার (২৭ মে) সকালের ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ঈদগাহের প্যান্ডেল ভেঙ্গে পড়েছে। এতে ঈদের জামাত অনুষ্ঠান নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকালে সাড়ে ৭টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে। ঈদের প্রধান এ জামাতের ইমামতি করবেন কেন্দ্রীয় কোর্ট মসজিদ ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান। তবে, আবহাওয়া প্রতিকূলে থাকলে সকাল ৮টায় প্রধান জামাত কেন্দ্রীয় কোর্ট মসজিদ ও জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হবে।

ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় থানাপাড়া জামে মসজিদে এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে সকাল ৮টা ৩০ মিনিটে। এছাড়া সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন মসজিদে এবং সুবিধামত সময়ে বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এদিকে জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায়ও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে, জেলায় সকাল থেকে তীব্র বাতাসসহ শুরু হয় ঝড়। এ ঝড়ে মুকসুদপুর উপজেলা ঈদগাহের প্যান্ডেল ভেঙ্গে পড়েছে। এতে ঈদের জামাত অনুষ্ঠান নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে দ্রুত প্যান্ডেল তৈরির কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।

জেলার প্রধান ঈদ জামাতে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামানসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারন মুসল্লীরা অংশ নেবেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ চেয়ে মোনাজাত করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন