বুধবার । ২৭শে মে, ২০২৬ । ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

সরকারি-বিরোধী দল মিলেই আসবে ‘স্বস্তির বাজেট’: স্পিকার হাফিজ

গেজেট প্রতিবেদন

সরকারি দল বাজেট দেবে, বিরোধীদল সামালোচনা করবে উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি স্বাচ্ছন্দ্যময় বাজেট উপহার দেবে। যাতে করে জনজীবনে স্বস্তি নেমে আসে। বিরোধীদলের গঠনমূলক সমালোচনা আমরা স্বাগত জানাব।

মঙ্গলবার (২৬ মে) ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এসব কথা বলেন। তিনি বলেন, আমি দেখব, সংসদে বিরোধীদল যাতে তাদের দায়িত্ব পালন করার জন্য পর্যাপ্ত সময় পায়। সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে সহযোগিতার মনোভাব আমি আগের সংসদ অধিবেশনে লক্ষ্য করেছি। এখনও আশা করি তাদের মধ্যে কো-অপারেশন থাকবে। সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি স্বাচ্ছন্দ্যময় বাজেট উপহার দেবে। যাতে করে জনজীবনে স্বস্তি নেমে আসে।

স্পিকার আশা প্রকাশ করে আরও বলেন, আমার ধারণা, এখন পর্যন্ত এই সংসদ জনগণের আশা পূরণে সক্ষম হয়েছে। আগামী দিনগুলোতে তারা আরও ভালো ভূমিকা রাখতে পারবে।

ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার মো. শহিদুল্যাহ কাওছারসহ প্রশাসনের কর্মকর্তা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন