মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮

গেজেট প্রতিবেদন

সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে ১৭ জনসহ সারা দেশে ২৮ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। সোমবার (২৫ মে) সারা দেশের পৃথক পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে টাঙ্গাইলে ১৭ জন, কিশোরগঞ্জে একই পরিবারের তিনজন, বগুড়ায় ৪ জন, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, গাইবান্ধা ও নোয়াখালীতে একজন করে নিহত হয়েছেন।

টাঙ্গাইল
টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে গিয়ে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। সোমবার ভোরে যমুনা সেতু সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া জেলার আরও দুই পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় আরও দুইজন নিহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রডবোঝাই ট্রাকটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ভোররাতে ট্রাকটি কালিহাতীর সড়াতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়।

নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। তাদের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নে। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার জাহান সাথী বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু সংযোগ সড়কের কালিহাতীর সড়াতৈল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়।

কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের মিঠামইনে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীসহ তাদের ছয় বছরের শিশু সন্তান নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদের সড়কের কাস্তল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিঠামইন উপজেলার মহিষা কান্দি গ্রামের মনির হোসেন (৩৫), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) ও তাদের শিশু সন্তান আয়ান (৬)।

পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে করে স্বামী-স্ত্রী ও তাদের সন্তান বাড়িতে যাচ্ছিল। মিঠামইন উপজেলার কাস্তল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

বগুড়া
বগুড়ায় ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি যাওয়ার পথে ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ সময় মা আয়েশা বেগম গুরুতর আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে জেলার শাজাহানপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আনিছুর রহমান ও তার দুই বছরের কন্যা পুষ্প। তাদের গ্রামের বাড়ি পাবনায়।

এদিকে, বিকেলে কাহালু উপজেলায় বাসের ধাক্কায় রিকশাভ্যানের যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। নিহতরা হলেন- জেমি আকতার (৪০) ও তার বিশ বছর বয়সী মেয়ে তনু আকতার।

কাহালু থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, জেমি আকতার তার মেয়ে তনুকে নিয়ে রিকশাভ্যানে করে কাজিপাড়া থেকে বিবিরপুকুরের দিকে যাচ্ছিল। এ সময় রাজশাহীগামী একটি বাস রিকশাভ্যানেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

মুন্সিগঞ্জ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় কাভার্ডভ্যান-লরির সংঘর্ষে লরির হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত লরি হেলপারের নাম অন্তর দাস (১৮)। সে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার চাঁদপুর গ্রামের মানিক দাসের ছেলে। অন্যদিকে আহত কাভার্ড ভ্যানচালকের নাম নুরুল আলম (৪০) বলে জানিয়েছে পুলিশ।

গোপালগঞ্জ
গোপালগঞ্জে বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ যাত্রী। সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের জেলার সদর উপজেলার এ দুর্ঘটনা ঘটে।

এদিকে, গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সাবেক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এমএ আউয়াল সরকার (৫৫) নিহত হয়েছেন।

এছাড়া, নোয়াখালীতে পোল্ট্রি খাদ্যবোঝাই গাড়ি উল্টে রহিম উল্লাহ (২২) নামে এক খামারির মৃত্যু হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন