সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে চালক নিহত, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন যাত্রী। এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। সোমবার (২৫ মে) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস।

গুরুতর আহতরা হলেন— গোপালগঞ্জ সদর উপজেলার আব্দুল কালামের ছেলে আব্দুল করিম (২৮), কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামের সামাদ শেখের ছেলে হালিম শেখ (৫৮), একই উপজেলার টুপুরিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আজিজুর রহমান (৪৫), একই গ্রামের কালাম মোল্লার মেয়ে ফাতেমা (৪২), আজিজুর রহমানের মেয়ে তাহসিনা (২০), একই উপজেলার বন্দে আলীর ছেলে রিফাত আলী (২০), একই উপজেলার মাঝবাড়ী গ্রামের দাউদ দাড়িয়ার ছেলে মামুন দাড়িয়া (৪২) ও প্রাইভেটকারের চালক খুলনার ছোট বয়রার লোকমান ফরাজীর ছেলে রাব্বি (২৯)।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহম্মেদ জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা কোটালীপাড়াগামী ‘কোটালীপাড়া স্টার এক্সপ্রেস’-এর একটি যাত্রীবাহী বাস ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় পৌঁছালে অপর একটি বাসকে ওভারটেক করতে যায়। এ সময় বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং অপর একটি প্রাইভেটকারও পেছন দিক থেকে সজোরে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায় এবং মাইক্রোবাস ও প্রাইভেটকারটি সড়কের ওপর দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক নিহত হন এবং বাস ও প্রাইভেটকারের অন্তত ১৫ জন যাত্রী আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এর মধ্যে গুরুতর আহত ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করলে প্রায় দেড় ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে পুনরায় যান চলাচল শুরু হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন