শনিবার । ৩০শে মে, ২০২৬ । ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

গেজেট প্রতিবেদন

ফরিদপুরের নগরকান্দায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন।  রবিবার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ফরিদপুর থেকে ঢাকাগামী একটি বিআরটিসি বাস এবং মাদারীপুর থেকে রোগী নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসা একটি অ্যাম্বুলেন্স শংকরপাশা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন-অ্যাম্বুলেন্স চালক কাওছার (২৫)। তার বাড়ি মাদারীপুর জেলার সৈদারবালি এলাকায়। এছাড়া মাদারীপুর সদর উপজেলার বালিয়া মোস্তফাপুর এলাকার মো. জাহাঙ্গীর মোল্লা (৬২), আলমগীর হোসেন মোল্লা (৫৮), খুরশিদা বেগম (৪৫) ও মাজেদা আক্তার (৪৮) নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও অ্যাম্বুলেন্স পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন