শনিবার । ২৩শে মে, ২০২৬ । ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

ইউজিসি সদস্য ড. তানজিমুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করল সরকার

গেজেট প্রতিবেদন

আবেদনের প্রায় ১ মাস পর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমুদ্দিন খানের পদত্যাগপত্র গ্রহণ করেছে সরকার। একই সঙ্গে তাকে ইউজিসির সদস্য পদ থেকে অব্যাহতি দিয়ে আগের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে যোগ দেওয়ার সম্মতিও দেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেছেন সিনিয়র সহকারী সচিব মো. নেছার উদ্দিন।

এতে বলা হয়, সরকারের পক্ষ থেকে ড. মোহাম্মদ তানজিমুদ্দিন খানের দাখিল হওয়া পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়েছে এবং ২১ মে ২০২৬ তারিখ থেকে তার এই পদত্যাগ কার্যকর ধরা হয়েছে।

এর আগে গত (২৩ এপ্রিল) অধ্যাপক তানজিমুদ্দিন খান ইউজিসির চেয়ারম্যানের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই অধ্যাপককে ইউজিসির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। এরপর তিনি ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শাখার দায়িত্ব পালন করেন।

ইউজিসি সূত্র জানায়, সংস্থাটির অধীনে পরিচালিত ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্পে সমন্বয়কারী হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। প্রকল্পটির স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দাতা সংস্থা বিশ্বব্যাংক। এমনকি বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল সম্প্রতি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করে হিট প্রকল্পের অনিয়মের বিষয়টি তুলে ধরলে তাকে সরিয়ে দেওয়া হতে পারে বলে গুঞ্জন তৈরি হয়। এই পরিস্থিতির মধ্যেই তিনি পদত্যাগের আবেদন করেছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন