সচিবের স্বাক্ষর ছাড়াই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার বিরুদ্ধে ফাইল পাস করানোর অভিযোগ তুলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (২৩ মে) সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগের কথা জানান।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন।
পিরোজপুরে প্রকল্পের টেন্ডার দেওয়ার পর কোনো কাজ না করেই ৬ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে বলেও এ সময় অভিযোগ করেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, এ কারণে গত দুই বছর ধরে জেলার সব উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে। শিগগিরই সরেজমিন পরিদর্শন করে এসব প্রকল্প পুনরায় চালুর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন দফতর ও সংস্থার দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখতে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের অনিয়ম তদন্ত করে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
খুলনা গেজেট/এএজে

