শনিবার । ২৩শে মে, ২০২৬ । ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

ঈদের দিন যেমন থাকবে আবহাওয়া

গেজেট প্রতিবেদন

ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় গত কয়েকদিন ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আজ শুক্রবার (২২ মে) থেকে আগামী সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আবার ভারী বর্ষণও হতে পারে। এরপর ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঈদের সময়ে অনেক জায়গায় গরমের দাপট থাকবে। আগামী ২৬ মে থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। কোথাও কোথাও থাকতে পারে তাপপ্রবাহ।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, ঈদের দিন (২৮ মে) ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বরং ঢাকা বিভাগের কিছু জেলায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এছাড়া ঈদের দিন সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে আবহাওয়া অফিসের সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আজ শুক্রবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময়ে খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

এ ছাড়া সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ ঝড়বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন