দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা সরকারি খাস জমি যেকোনো মূল্যে উদ্ধার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে এসব জমি দ্রুততম সময়ের মধ্যে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তিনি।
মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে ‘ভূমি সেবা মেলা-২০২৬’ উপলক্ষে বিভিন্ন স্টল পরিদর্শনকালে ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানমকে এ নির্দেশনা দেন সরকার প্রধান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি খাস জমি উদ্ধারে ঢাকা জেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সাথে সরকারি সম্পদ রক্ষায় কোনো ধরনের আপস না করারও কঠোর বার্তা দেন প্রধানমন্ত্রী।
সম্প্রতি রাজধানীর লালবাগ এলাকায় সরকারের প্রায় ১ একর খাস জমি অবৈধ দখলদারদের কবল থেকে সফলভাবে পুনরুদ্ধার করায় জেলা প্রশাসক ফরিদা খানমের ভূয়সী প্রশংসা করেন তিনি।
এছাড়া জেলা প্রশাসনের সেবা জরুরি সেবা সহজীকরণে ‘হ্যালো ডিসি’ সেবা চালুর কথা জানান জেলা প্রশাসক ঢাকা। পরবর্তীতে এ উদ্যোগের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
এর আগে গত ১৩ মে রাজধানীর লালবাগে অবৈধ স্থাপনা উচ্ছেদে ঐতিহাসিক অভিযান পরিচালনা করে ঢাকা জেলা প্রশাসন। দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে অবৈধ দখলে থাকা ওই ১ একর জমি বিশেষ অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়। জেলা প্রশাসক ফরিদা খানমের নেতৃত্বে পরিচালিত অভিযানে জমিটি সরকারের আয়ত্তে নেওয়ার পর এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে ‘সাহসী ও নজিরবিহীন পদক্ষেপ’ বলছেন৷
এদিকে ‘ভূমি সেবা মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ৪৭টি চেকের মাধ্যমে ৮৮ জন ব্যক্তির মধ্যে মোট ৩৬ কোটি ৬৭ লাখ ৭৮ হাজার ৫১৭ টাকার ভূমি অধিগ্রহণ ক্ষতিপূরণ বিতরণ করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, সারা দেশে সবচেয়ে বেশি ই-নামজারি আবেদন পড়ে ঢাকা জেলায় এবং নিষ্পত্তির তালিকাতেও শীর্ষে রয়েছে জেলা প্রশাসন। গত ৩০ দিনে ঢাকা জেলায় প্রায় ৩০ হাজার নামজারি আবেদনের বিপরীতে নিষ্পত্তি হয়েছে ২৩ হাজার ৬৩টি আবেদন।
খুলনা গেজেট/এএজে

