সোমবার । ১৮ই মে, ২০২৬ । ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩

আপিলের সুযোগ পাচ্ছেন বেরোবির দণ্ডিত সাবেক ভিসি হাসিবুর রশিদ

গেজেট প্রতিবেদন

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশিদের উচ্চ আদালতে আপিলের সুযোগ রয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

রবিবার (১৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান প্রসিকিউটর ফারুক আহাম্মদ।

তিনি বলেন, গত ৯ এপ্রিল শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল-২। এ মামলায় ১০ বছরের সাজা পেয়েছেন বেরোবির তৎকালীন ভিসি হাসিবুর রশিদ। তবে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি। গ্রেপ্তারের পর তাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আমরা সাজা পরোয়ানামূলে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আবেদন করি। আদালত তা মঞ্জুর করে হাসিবুর রশিদকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।

আপিলের সুযোগ আছে কিনা জানতে চাইলে প্রসিকিউটর ফারুক বলেন, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি এখনও প্রকাশ হয়নি। তাই রায় পাওয়া সাপেক্ষে উচ্চ আদালতে আপিল করতে পারবেন হাসিবুর রশিদ। অর্থাৎ পূর্ণাঙ্গ রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে তিনি এটি করতে পারবেন। তবে উচ্চ আদালতেও তার এ সাজা বহাল থাকবে বলে আমরা আশা করছি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন