চলতি বছর বাংলাদেশ থেকে আরও ৬ হাজার চালক নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইভিত্তিক একটি ট্যাক্সি কোম্পানি। এরই অংশ হিসেবে সোমবার (১৮ মে) থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাক্ষাৎকারের মাধ্যমে চালক বাছাই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদল।
রবিবার (১৭ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এসব তথ্য তুলে ধরেন দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা।
প্রতিনিধিদল জানায়, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে কাজ করছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। বাংলাদেশি কর্মীদের পরিশ্রম ও দক্ষতায় সন্তুষ্ট হয়ে প্রতিষ্ঠানটি তাদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দিয়ে থাকে। এমনকি দুবাই বিমানবন্দরে বাংলাদেশি নারীরাও সফলভাবে চালকের দায়িত্ব পালন করছেন বলেও উল্লেখ করা হয়।
তারা আরও জানান, এবারের নিয়োগ কার্যক্রমে নতুন করে ১ হাজার ৫০০ চালক নেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। সব মিলিয়ে চলতি বছরে বাংলাদেশ থেকে ৬ হাজার চালক নিয়োগ দিতে চায় কোম্পানিটি।
প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও বাংলাদেশি কর্মী নিয়োগের এই ধারা অব্যাহত থাকবে। এ প্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির কাছে অনুরোধ জানান, দুবাইয়ে যাওয়ার পর প্রশিক্ষণকালীন সময়ে যেন কর্মীদের বেতন-ভাতার ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি চালকদের পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ অন্যান্য দক্ষ পেশাজীবী নিয়োগের বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান মন্ত্রী।
খুলনা গেজেট/এএজে

