শনিবার । ১৬ই মে, ২০২৬ । ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩

বিরতির পর ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

:: সংক্ষিপ্ত স্কোর ::
বাংলাদেশ ১ম ইনিংস: ১১৬/৬ (৩৮.২ ওভারে)

৩ উইকেট হারিয়ে ১০১ রান তোলা বাংলাদেশ বিরতির পর মাত্র ১৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়েছে। প্রথমে শান্ত, তারপর মুশফিক এবং সবশেষ আউট হলেন মিরাজ। দলীয় ১১৬ রানের মাথায় খুররমের বলে হাসান আলীর হাতে ক্যাচ দিয়ে আউট হন মিরাজ। তিনি ৪ রানের বেশি করতে পারেননি। লিটনের সঙ্গে যোগ দিয়েছেন তাইজুল।

১১০ রান তুলতেই ৫ উইকেট নেই বাংলাদেশের। দলীয় ১১০ রানের মাথায় পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন মুশফিকুর রহিম। খুররম শাহজাদের বলে এলবিডব্লিউ হন তিনি। রিভিউ নিয়েও রক্ষা পাননি। ২ চারে ২৩ রান করে ফিরেন তিনি।

মধ্যাহ্ন বিরতির পর ফিরলেন শান্ত

মধ্যাহ্ন বিরতির পরই শান্তর উইকেট হারাল বাংলাদেশ। দলীয় ১০৬ রানের মাথায় আব্বাসের বলে উইকেটের পেছনে রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে আউট হন শান্ত। ৭৪ বল খেলে ৩ চারে ২৯ রান করেন তিনি। মুশফিকের সঙ্গে নতুন ব্যাটার হিসেবে যোগ দিয়েছেন লিটন।

শতরান পেরিয়ে স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ

কখনো গুমোট, কখনো রৌদ্রোজ্জ্বল আবহ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। কালো মেঘে কখনো মাঠ ঢেকে যায়। কখনো আবার সূর্যর তাপ গায়ে মেখে খেলোয়াড়রা ফেরেন চেনা ছন্দে।

এই লুকোচুরি খেলাতে জমে উঠল ব‌্যাট-বলের লড়াই। যেখানে কেউ কাউকে ছাড় দিল না। পাকিস্তানের আমন্ত্রণে ব‌্যাটিংয়ে নেমে বাংলাদেশ প্রথম সেশনে ৩ উইকেটে ১০১ রান করে। রান রেট ৩.৮৮।

বাংলাদেশ কেন স্বস্তিতে? উইকেটের কারণে! বল সুইং করছে। পাকিস্তানের পেসাররা বল দুদিকেই সুইং আদায় করে নিচ্ছেন। উইকেটে ঘাস রয়েছে। বোলারদের জন‌্য কাজটা কিছুটা হলেও সহজ। সেখানে ব‌্যাটসম‌্যানদের দিতে হচ্ছে পরীক্ষা। সেই পরীক্ষায় শুরুতে জয় হাল ছেড়ে দিলেও মুমিনুল ও তানজিদ লড়াই করেছেন। প্রতিরোধ গড়ে এগিয়ে নিয়েছেন দলের রান।

তারা ফিরলে সেই দায়িত্বটা নেন ইনফর্ম নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর। বাংলাদেশ ১ উইকেট কম হারালে আপারহ‌্যান্ডে থাকত। তবে ড্রেসিংরুমে এখন সুবাতাসই ছড়াচ্ছে।

মুমিনুলকে হারাল বাংলাদেশ

বোলিং প্রান্ত পরিবর্তন করে সাফল‌্য পেলেন একাদশে ফেরা খুররাম শাহজাদ।

শুরুতে প‌্যাভিলিয়ন প্রান্ত থেকে বোলিং করছিলেন তিনি। ৩ ওভারে দিয়েছিলেন ১৭ রান। পরে দ্বিতীয় স্পেলে ফেরেন প্রেস বক্স প্রান্ত থেকে।

ফিরে প্রথম ওভারেই পেলেন সাফল‌্য। রাউন্ড দ‌্য উইকেটে একেবারে ভেতরে ঢোকানো বলে বোল্ড করেন মুমিনুলকে। বলের লাইন পুরোপুরি মিস করেন তিনি। ৪১ বলে ২২ রান করে সাজঘরে ফিরলেন তিনি।

বাংলাদেশ হারাল তৃতীয় উইকেট। উইকেটে নতুন ব‌্যাটসম‌্যান মুশফিকুর রহিম।

মাঠে ফিরেছেন হাসান আলী

মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়ার পর ৬ ওভার বাইরে ছিলেন হাসান আলী। শুশ্রূষা নিয়ে ১৬তম ওভারে মাঠে ফেরেন তিনি।

উইকেট ছুঁড়ে এলেন অভিষিক্ত তানজিদ

উইকেটে গিয়ে শট খেলবেন, দ্রুত রান তুলবেন…তানজিদ হাসান তামিমের থেকে এমনটাই প্রত‌্যাশা করা হচ্ছিল। নিজের শুরুটা মন্দ করেননি। দারুণ কয়েকটি চারে এই ফরম‌্যাটে আগমণী বার্তা জানিয়ে দেন।

কিন্তু ভুল এক শটে শেষ হয় তার প্রতিশ্রুতিশীল ইনিংসের। মোহাম্মদ আব্বাসের শর্ট বল জায়গায় দাঁড়িয়ে পুল করতে গিয়ে ফিরতি ক‌্যাচ দেন। ৩৪ বলে ২৬ রানে থেমে যায় তার ইনিংস।

বাংলাদেশ হারাল দ্বিতীয় উইকেট। নতুন ব‌্যাটসম‌্যান নাজমুল হোসেন শান্ত।

আঘাত পেয়ে মাঠের বাইরে হাসান

নিজের প্রথম ওভার করতে এসে চোটে পড়লেন হাসান আলী। ওভার শেষ করার আগে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। তানজিদ হাসান তামিমের ক‌্যাচ ধরতে গিয়ে বোলিং ফলো থ্রুতে ঝাপিয়ে পড়েছিলেন হাসান। বল তার হাত ফসকে বেরিয়ে যায়। কিন্তু শরীরের ভারসাম‌্য তার ঠিক ছিল না। এরপর মাটিতে লুটিয়ে পড়েন। কোথায় আঘাত পেয়েছেন তা এখনও স্পষ্ট নয়।

জ্বলে উঠলো ফ্লাডলাইট

সিলেটের আকাশ কালো মেঘে ঢেকে গেছে। বৃষ্টি শুরু হতে পারে যেকোনো সময়ই। আলোর স্বল্পতায় যেন খেলা বন্ধ না হয় সেজন‌্য ১০টা ২৭ মিনিটে স্টেডিয়ামের ফ্লাডলাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে।

শুরুতে জয়কে হারিয়ে চাপে বাংলাদেশ

ছোট্ট টেস্ট ক‌্যারিয়ারে আরেকটি ডাকের সাক্ষী হলেন মাহমুদুল হাসান জয়।

সিলেট টেস্টের দ্বিতীয় বলে আউট হলেন ডানহাতি ব‌্যাটসম‌্যান। পেসার মোহাম্মদ আব্বাসের শর্ট বলে ব‌্যাট ছুঁইয়ে দ্বিতীয় স্লিপে ক‌্যাচ দেন জয়। নিচু হওয়া ক‌্যাচ দারুণ দক্ষতায় তালুবন্দি করেন সালমান আগা। শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ল বাংলাদেশ। ৪০ টেস্ট ইনিংসে জয়ের এটি অষ্টম ডাক। উইকেটে নতুন ব‌্যাটসম‌্যান মুমিনুল হক।

তানজিদের পথ চলা শুরু

বাংলাদেশের ১০৯তম টেস্ট ক্রিকেটার হিসেবে যাত্রা শুরু হলো তানজিদ হাসান তামিমের। ২০২৩ সালে তার ওয়ানডেতে এবং ২০২৪ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল। ২৫ বছর বয়সী তানজিদ প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন ২৫টি। ৫টি সেঞ্চুরি ও ৬টি হাফ সেঞ্চুরিতে ৪০.৭২ গড়ে ১৭৯২ রান করেছেন।

টেস্ট ক্রিকেটে শুরুতে দ্রুত রান তুলবে, প্রতিপক্ষকে নাড়িয়ে দেবে এমন মানিসকতার খেলোয়াড়কে দীর্ঘদিন ধরে চাইছিল টিম ম‌্যানেজমেন্ট। তানজিদকে সেই পরিকল্পনায় নেওয়া হয়েছে। দেখার বিষয়, প্রত‌্যাশার দাবি মেটাতে পারেন কিনা তানজিদ।

পাকিস্তান একাদশ
আজান আজওয়াইজ, শান মাসুদ, বাবর আজম, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, খুররাম শাহজাদ, সাজিদ খান, হাসান আলী ও মোহাম্মদ আব্বাস।

বাংলাদেশ একাদশ
মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

দুই পরিবর্তন নিয়ে পাকিস্তানের আমন্ত্রণে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিলেটে টস ভাগ্য বাংলাদেশের পক্ষে আসল না। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ সিলেটেও টস জিতলেন। ঢাকার মতো সিলেটেও বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠালেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে দুই দলের দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশ দলে দুইটি পরিবর্তন আনা হয়েছে। ইনজুরির কারণে এই টেস্ট খেলতে পারছেন না নিয়মিত ওপেনার সাদমান ইসলাম। তার জায়গায় দলে এসেছেন তানজিদ হাসান তামিম। সাদা পোশাকের ক্রিকেটে তার অভিষেক হচ্ছে আজ। পেসার ইবাদত হোসেনের জায়গায় নেওয়া হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে।

পাকিস্তানের একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। বাবর আজম দলে ফিরেছেন। ইমাম উল হককে বাদ দেওয়া হয়েছে। স্পিনার সাজিদ খান ও পেসার খুররাম শাহজাদ ফিরেছেন। বাদ পড়েছেন শাহীন শাহ আফ্রিদি ও নোমান আলী।

ঢাকা টেস্ট ১০৪ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন