শনিবার । ১৬ই মে, ২০২৬ । ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩

উইকেট ছুঁড়ে এলেন অভিষিক্ত তানজিদ

ক্রীড়া প্রতিবেদক

স্কোর: বাংলাদেশ ৫৪/২

উইকেটে গিয়ে শট খেলবেন, দ্রুত রান তুলবেন…তানজিদ হাসান তামিমের থেকে এমনটাই প্রত‌্যাশা করা হচ্ছিল। নিজের শুরুটা মন্দ করেননি। দারুণ কয়েকটি চারে এই ফরম‌্যাটে আগমণী বার্তা জানিয়ে দেন।

কিন্তু ভুল এক শটে শেষ হয় তার প্রতিশ্রুতিশীল ইনিংসের। মোহাম্মদ আব্বাসের শর্ট বল জায়গায় দাঁড়িয়ে পুল করতে গিয়ে ফিরতি ক‌্যাচ দেন। ৩৪ বলে ২৬ রানে থেমে যায় তার ইনিংস। বাংলাদেশ হারাল দ্বিতীয় উইকেট। নতুন ব‌্যাটসম‌্যান নাজমুল হোসেন শান্ত।

আঘাত পেয়ে মাঠের বাইরে হাসান

নিজের প্রথম ওভার করতে এসে চোটে পড়লেন হাসান আলী। ওভার শেষ করার আগে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। তানজিদ হাসান তামিমের ক‌্যাচ ধরতে গিয়ে বোলিং ফলো থ্রুতে ঝাপিয়ে পড়েছিলেন হাসান। বল তার হাত ফসকে বেরিয়ে যায়। কিন্তু শরীরের ভারসাম‌্য তার ঠিক ছিল না। এরপর মাটিতে লুটিয়ে পড়েন।

জ্বলে উঠলো ফ্লাডলাইট

সিলেটের আকাশ কালো মেঘে ঢেকে গেছে। বৃষ্টি শুরু হতে পারে যেকোনো সময়ই। আলোর স্বল্পতায় যেন খেলা বন্ধ না হয় সেজন‌্য ১০টা ২৭ মিনিটে স্টেডিয়ামের ফ্লাডলাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে।

শুরুতে জয়কে হারিয়ে চাপে বাংলাদেশ

ছোট্ট টেস্ট ক‌্যারিয়ারে আরেকটি ডাকের সাক্ষী হলেন মাহমুদুল হাসান জয়।

সিলেট টেস্টের দ্বিতীয় বলে আউট হলেন ডানহাতি ব‌্যাটসম‌্যান। পেসার মোহাম্মদ আব্বাসের শর্ট বলে ব‌্যাট ছুঁইয়ে দ্বিতীয় স্লিপে ক‌্যাচ দেন জয়। নিচু হওয়া ক‌্যাচ দারুণ দক্ষতায় তালুবন্দি করেন সালমান আগা। শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ল বাংলাদেশ। ৪০ টেস্ট ইনিংসে জয়ের এটি অষ্টম ডাক। উইকেটে নতুন ব‌্যাটসম‌্যান মুমিনুল হক।

তানজিদের পথ চলা শুরু

বাংলাদেশের ১০৯তম টেস্ট ক্রিকেটার হিসেবে যাত্রা শুরু হলো তানজিদ হাসান তামিমের। ২০২৩ সালে তার ওয়ানডেতে এবং ২০২৪ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল। ২৫ বছর বয়সী তানজিদ প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন ২৫টি। ৫টি সেঞ্চুরি ও ৬টি হাফ সেঞ্চুরিতে ৪০.৭২ গড়ে ১৭৯২ রান করেছেন।

টেস্ট ক্রিকেটে শুরুতে দ্রুত রান তুলবে, প্রতিপক্ষকে নাড়িয়ে দেবে এমন মানিসকতার খেলোয়াড়কে দীর্ঘদিন ধরে চাইছিল টিম ম‌্যানেজমেন্ট। তানজিদকে সেই পরিকল্পনায় নেওয়া হয়েছে। দেখার বিষয়, প্রত‌্যাশার দাবি মেটাতে পারেন কিনা তানজিদ।

পাকিস্তান একাদশ
আজান আজওয়াইজ, শান মাসুদ, বাবর আজম, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, খুররাম শাহজাদ, সাজিদ খান, হাসান আলী ও মোহাম্মদ আব্বাস।

বাংলাদেশ একাদশ
মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

দুই পরিবর্তন নিয়ে পাকিস্তানের আমন্ত্রণে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিলেটে টস ভাগ্য বাংলাদেশের পক্ষে আসল না। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ সিলেটেও টস জিতলেন। ঢাকার মতো সিলেটেও বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠালেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে দুই দলের দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশ দলে দুইটি পরিবর্তন আনা হয়েছে। ইনজুরির কারণে এই টেস্ট খেলতে পারছেন না নিয়মিত ওপেনার সাদমান ইসলাম। তার জায়গায় দলে এসেছেন তানজিদ হাসান তামিম। সাদা পোশাকের ক্রিকেটে তার অভিষেক হচ্ছে আজ। পেসার ইবাদত হোসেনের জায়গায় নেওয়া হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে।

পাকিস্তানের একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। বাবর আজম দলে ফিরেছেন। ইমাম উল হককে বাদ দেওয়া হয়েছে। স্পিনার সাজিদ খান ও পেসার খুররাম শাহজাদ ফিরেছেন। বাদ পড়েছেন শাহীন শাহ আফ্রিদি ও নোমান আলী।

ঢাকা টেস্ট ১০৪ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন