হামজা-জামালদের কোচ নিয়োগের আলোচনা তুঙ্গে। এরই মাঝে শুক্রবার (১৫ মে) ছিল ঘরোয়া ফুটবল লিগে অলিখিত শিরোপা নির্ধারণী ম্যাচ। ঢাকা আবাহনীকে হারালেই বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন। এমন সমীকরণে শুরু হওয়া ম্যাচটি সহজেই মিলিয়ে শিরোপা উদযাপন করেছে বসুন্ধরা কিংস।
ঢাকা আবাহনীর হোম ভেন্যু কুমিল্লা। তবে সেখানে অ্যাওয়ে ম্যাচে কাঙ্ক্ষিত জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস। দ্বিতীয়ার্ধে চার মিনিটের ব্যবধানে দুই গোল করে কিংস। এতে পরাজয় ও লিগ শিরোপা হাতছাড়া করল আবাহনী। ১৭ ম্যাচে বসুন্ধরা কিংসের পয়েন্ট ৩৮। সমান ম্যাচে আবাহনীর ৩৪ পয়েন্ট। শেষ ম্যাচে বসুন্ধরা কিংস হারলে এবং আবাহনী জিতলেও এক পয়েন্টে এগিয়ে থাকবে কিংস। ফলে এক ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা পুনরুদ্ধার করল বসুন্ধরা কিংস।
২০১৮ সালে ঘরোয়া ফুটবলের শীর্ষস্তরে পদার্পন বসুন্ধরা কিংসের। করোনায় একটি আসর মাঝে পরিত্যক্ত হয়েছে। ওই মৌসুম বাদে টানা পাঁচবার লিগ চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। গত মৌসুমে কিংসকে হটিয়ে ২২ বছর পর ফুটবল লিগের শিরোপা পুনরুদ্ধার করে ঢাকা মোহামেডান। এক মৌসুম পরেই বসুন্ধরা কিংস তাদের ট্রফি আবার পুনরুদ্ধার করেছে। ২০০৭ সাল থেকে পেশাদার লিগ শুরু। এই লিগে সবচেয়ে বেশি ৬ বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। আজ আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংসও সমান ষষ্ঠবার লিগ চ্যাম্পিয়ন হয়েছে।
আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আবাহনী ফরোয়ার্ড আল আমিন ও বসুন্ধরা কিংস রাকিব হোসেনকে ছাড়া নেমেছিল। এদিন আবাহনী হোম ভেন্যুতে ভালো শুরুই করেছিল। আবাহনীর হয়ে পেনাল্টি মিস করেন মালির ফুটবলার সুলেমান দিয়াবাতে। কিংসও প্রথমার্ধে গোল পায়নি। তাই প্রথমার্ধ গোলশূন্য ড্র–তে শেষ হয়।
দ্বিতীয়ার্ধেও দুই দল সমানভাবে লড়ছিল। ৭২ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমকে বক্সের মধ্যে ফাউল করেন আবাহনীর ডিফেন্ডার। রেফারি খুব কাছ থেকে দেখে পেনাল্টির বাঁশি বাজান। আবাহনীর ফুটবলাররা প্রতিবাদ করলেও সিদ্ধান্ত পরিবর্তন হয়নি। ১৭ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা কিংসের ব্রাজিলিয়ান ফুটবলার ডরিয়েল্টন পেনাল্টি শট নেন। সেই শট ঠেকাতে পারেননি আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা।
ডরিয়েল্টনের গোলের পরপরই সোহেল রানা স্কোরশিটে নাম তোলেন। বক্সের সামনে বল পেয়ে দুর্দান্ত শটে আবাহনীর ডিফেন্স ও গোলরক্ষককে বোকা বানান তিনি। সোহেলের দুর্দান্ত গোলে কিংসের আবাহনী বধ ও শিরোপা জয় নিশ্চিত হয়। আবাহনী ম্যাচের বাকি ২০ মিনিটে গোলের চেষ্টা করেছিল। দুয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও কিংসের জালে বল পাঠাতে পারেনি আবাহনী।
খুলনা গেজেট/এএজে

