বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের জন্য কাউন্সিলর মনোনয়ন চেয়ে বিভিন্ন ক্লাবের কাছে পাঠানো নোটিশ প্রত্যাহার চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১৩ মে) সরকার ও বিসিবি কাছে রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান বিভিন্ন ক্লাবের ৪ বছরের জন্য মনোনীত ৬ জন কাউন্সিলর।
যুব ও ক্রীড়া সচিব ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি, বিসিবির প্রধান নির্বাহী ও সংশ্লিষ্ট ৬ জেলার ডিসির কাছে এই নোটিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে ৩ দিনের মধ্যে নোটিশ প্রত্যাহার না হলে আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
কাউন্সিলরদের পক্ষে নোটিশ প্রেরণকারী আইনজীবী মো. শফিকুল ইসলাম জানান, ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর জেলা পর্যায়ে কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে ৪ বছরের জন্য কাউন্সিলর নির্বাচিত হন। তারা বহাল থাকা অবস্থায় বিসিবির নির্বাচনকে সামনে রেখে সাধারণ পরিষদ গঠনের জন্য নতুন করে কাউন্সিলর মনোনয়ন চেয়ে নোটিশ পাঠানো হয়।
নোটিশ প্রেরণকারী এই আইনজীবীর দাবি, কাউন্সিলর মনোনয়ন চেয়ে গত ৬ মে জারি করা ওই নোটিশ আইনগত কর্তৃত্ব বহির্ভূত। তাই ৩ দিনের মধ্যে এই নোটিশ প্রত্যাহার করতে হবে। অন্যথায় আইনি ব্যবস্থা নেয়া হবে।
এ ছাড়াও আইনি নোটিশে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী শালিসি আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার আহ্বান জানানো হয়েছে।
খুলনা গেজেট/এএজে

