মঙ্গলবার । ১২ই মে, ২০২৬ । ২৯শে বৈশাখ, ১৪৩৩

শেষ বিকেলে রোমাঞ্চ ছড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের মিরপুর টেস্ট

ক্রীড়া প্রতিবেদক

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে লড়ছে বাংলাদেশ। বৃষ্টির হানা থাকলেও এরই মধ্যে পঞ্চম দিনের শেষ সেশনে গড়ানো টেস্টে হাতছানি দিচ্ছে ফলাফল। যেখানে কিছুটা এগিয়ে স্বাগতিকরা। ২৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২১ রানের মধ্যেই সফরকারীদের ৫ উইকেট ফেলে দিয়েছে টাইগাররা।

ম্যাচে প্রথম ইনিংসে ৪১৩ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে প্রথম ইনিংসে পাকিস্তানের ইনিংস থামে ৩৮৬ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪০ রান করার পর ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৩৭ রানে ব্যাট করছে শান মাসুদের দল। জয়ের জন্য তাদের এখনো দরকার ১৩১ রান আর বাংলাদেশের ৫ উইকেট।

আগের দিনের ৩ উইকেটে ১৫২ রান নিয়ে পঞ্চম দিনে মাঠে নামা বাংলাদেশ খুব একটা সুবিধা করতে পারেনি। ৫৮ রানে অপরাজিত থাকা শান্ত ৮৭ রান করে আউট হয়েছেন। মুশফিকুর রহিম ২২ রানের বেশি করতে পারেননি। লিটন দাসও মাত্র ১১ রান করে আউট হয়েছেন। মেহেদী হাসান মিরাজের ২৭ বলে ২৪ রানের ইনিংস কিছুটা মান রক্ষা করে। নাহিদ রানাকে ব্যাটিংয়ে না নামিয়েই এদিন ইনিংস ঘোষণা করে টাইগাররা। ২৪০ রান তোলায় পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান।

চ্যালেঞ্জিং এই লক্ষ্য তাড়া করতে নেমে ৬৮ রানের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটার ইমাম-উল-হক, আজান আওয়াইস ও অধিনায়ক মাসুদকে হারায় পাকিস্তান। তবে চতুর্থ উইকেটে সালমান আগাকে নিয়ে ৫১ রানের জুটি গড়ে ভয় ধরান দুর্দান্ত ব্যাট করতে থাকা আব্দুল্লাহ ফজল। শেষ পর্যন্ত ১১৯ রানে ফজল (৬৬) ও ১২১ রানে সালমানকে (২৬) ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ। এরপরই জুটি বাঁধেন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন