শনিবার । ৯ই মে, ২০২৬ । ২৬শে বৈশাখ, ১৪৩৩

প্রথম বাংলাদেশি হিসেবে যে কীর্তি গড়লেন লিটন

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন লিটন দাস। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ২ হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। শনিবার (৯ মে) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে এই রেকর্ড গড়েন লিটন। ইনিংসটিতে ৩৩ রান করে আউট হলেও ২ হাজারি ক্লাবে প্রবেশ করেন তিনি।

২০১৯ সালে শুরু হওয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত লিটনের পরিসংখ্যান বেশ উজ্জ্বল। ৩১ ম্যাচে ৫৫ ইনিংসে এখন পর্যন্ত ৩৭.২০ গড়ে ২০০৯ রান করেছেন লিটন। ৪ সেঞ্চুরির সাথে ১১টি হাফ-সেঞ্চুরি আছে তার। লিটনের পর বাংলাদেশ ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ২৬ মাচের ৪৮ ইনিংসে ৪টি সেঞ্চুরি ও ৮টি হাফ-সেঞ্চুরির সহায়তায় ৪২.৬৩ গড়ে ১৮৭৬ রান করেছেন তিনি।

এরপর এই তালিকার তৃতীয় স্থানে আছেন বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৩০ ম্যাচের ৫৭ ইনিংসে ১৬৫৫ রান করেছেন তিনি। শান্তর ব্যাটিং গড়- ২৯.৫৫। ৫টি সেঞ্চুরির সাথে ৩টি হাফ-সেঞ্চুরিও হাঁকান শান্ত। এই তালিকার চতুর্থ স্থানে আছেন মুমিনুল হক। টেস্ট স্পেশালিস্ট এই ব্যাটার ৩২ ম্যাচের ৬১ ইনিংসে করেন ১৫৯৪ রান। এই বাঁহাতি ব্যাটার ব্যাট করেছেন ২৭.৯৬ গড়ে। এই সময়ে ৩টি শতক ও ৮টি অর্ধশতক হাঁকিয়েছেন।

শীর্ষ পাঁচের মধ্যে আরও আছেন মেহেদি হাসান মিরাজ। ৩০ ম্যাচে ৫৫ ইনিংস ব্যাট করে ২৫.৯৬ গড়ে ১৩২৪ রান করে পঞ্চম স্থানে আছেন মিরাজ। ১টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরি আছে মিরাজের নামের পাশে।

বাংলাদেশের হয়ে লিটন শীর্ষে থাকলেও বিশ্বমঞ্চে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে রানের পাহাড়ে চড়ে বসেছেন ইংল্যান্ডের জো রুট। তিনি ৭৪ ম্যাচের ১৩৬ ইনিংসে ২৩ সেঞ্চুরি ও ২২ হাফ-সেঞ্চুরিতে ৫২.২৫ গড়ে রেকর্ড ৬৪৮০ রান করেছেন। তালিকার দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথের সংগ্রহ ৫৯ ম্যাচের ১০৩ ইনিংসে ৪৫৬৪ রান।

মিরপুর টেস্টে লিটনের এই ব্যক্তিগত অর্জন বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘ ফরম্যাটে তার ধারাবাহিকতারই প্রমাণ দেয়। সমর্থকদের প্রত্যাশা, এই মাইলফলক তাকে আগামী ইনিংসগুলোতে আরও বড় রান করতে অনুপ্রাণিত করবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন