বড় পর্দায় এবার নতুন জুটিতে দেখা যাবে অভিনেতা আবদুন নূর সজল ও চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে। তাদের নিয়ে ‘দুজনে’ নামে নতুন একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন দেবাশীষ বিশ্বাস।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সজল ও মিষ্টি জান্নাত। জানা গেছে, আগামী ১২ মে থেকে শুরু হবে শুটিং।
দেবাশীষ বিশ্বাস জানান, সিনেমাটি রোমান্টিক জার্নির গল্প। ভিন্ন দুই পরিস্থিতি থেকে দুই মানুষের এক হওয়া এবং এরপর শুরু হওয়া ভালোবাসার যাত্রা নিয়েই সিনেমার গল্প এগোবে।
তিনি বলেন, পুরো যাত্রায় একে অপরকে বোঝা, ভালোবাসা, হঠকারিতা এবং সবশেষে প্রেমের পূর্ণতা। ‘দুজনে’ আসলে একটি ভালোবাসার জার্নি।
মিষ্টি জান্নাত বলেন, দেবাশীষ দাদা গুণী এক নির্মাতা। তার কথা মতো ‘দুজনে’-এর জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা রাখছি, দ্রুত এই কাজটি শেষ করে দর্শকদের দেখাতে পারব।
আবদুল্লাহ জহির বাবুর কাহিনি ও সংলাপে নির্মিত হচ্ছে ‘দুজনে’। সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন দেবাশীষ বিশ্বাস। এটি প্রযোজনা করছে হ্যাভেন মাল্টিমিডিয়া ও গীতি চিত্রকথা।
খুলনা গেজেট/এএজে

