বৃহস্পতিবার । ২৫শে জুন, ২০২৬ । ১১ই আষাঢ়, ১৪৩৩

ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

বিনোদন ডেস্ক

সব প্রস্তুতি সম্পন্ন। টিকিট বিক্রিও সমাপ্ত। অথচ হঠাৎ খবর এলো, কনসার্ট হবে না। আগামীকাল ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্ট। যেখানে গাওয়ার কথা পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের। তবে আজ আয়োজক ইয়ামাহা মিউজিক জানিয়েছে, শুক্রবার কনসার্টটি হচ্ছে না।

ঠিক কী কারণে কনসার্ট স্থগিত, তা পরিষ্কার করেনি প্রতিষ্ঠানটি। কেবল এতটুকু জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই তারা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। ২৪ ঘণ্টার মধ্যে কনসার্টের নতুন তারিখ-ভেন্যু জানানোর চেষ্টা করবেন তারা। অন্যথায় টিকিটের অর্থ ফেরতের প্রক্রিয়া জানাবেন।

এদিকে অনুপম রায়ও গণমাধ্যমকে জানালেন, কনসার্ট স্থগিতের খবর সত্য। আজ সকালেই নাকি তাকে বিষয়টি জানানো হয়েছে।

এ কনসার্টে অনুপম রায় ছাড়াও বাংলাদেশের ব্যান্ড ‘বেঙ্গল সিম্ফনি’র গান করার কথা ছিল।

প্রসঙ্গত, গত এক-দেড় বছরে বিদেশি শিল্পীদের কনসার্ট স্থগিতের ঘটনা প্রায় নিয়মিত। ফলে আগে থেকেই অনেকে আশঙ্কা করছিলেন, অনুপম রায়ের কনসার্ট আদৌ হবে কিনা! সে আশঙ্কাই যেন সত্যি হয়ে গেল।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন