বৃহস্পতিবার । ৭ই মে, ২০২৬ । ২৪শে বৈশাখ, ১৪৩৩

পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশেও পড়বে: নাহিদ ইসলাম

গেজেট প্রতিবেদন

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনের ফলাফলের প্রেক্ষাপটে বাংলাদেশের দায়িত্ব অনেক বেড়ে গেছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এনসিপির এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয় হলেও সেখানে যা ঘটেছে, তা উদ্বেগের। নির্বাচনের আগে কয়েক লাখ ভোটারের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে, যাদের বড় অংশই ছিল মুসলমান এবং মতুয়া সম্প্রদায়ের। সেখানে সংখ্যালঘুদের ওপর যে নির্যাতনের চিত্র আমরা দেখছি, তার একটি মনস্তাত্ত্বিক প্রভাব বাংলাদেশেও পড়ার আশঙ্কা থাকে। এ কারণেই আমাদের সতর্ক থাকতে হবে।

নাহিদ বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা এখন আমাদের বড় চ্যালেঞ্জ। এ দেশের হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান প্রতিটি নাগরিকের নিরাপত্তা এবং সমান অধিকার নিশ্চিত করার দায়িত্ব আমাদের কাঁধে নিতে হবে।

এদিন চট্টগ্রাম মহানগরের বিভিন্ন রাজনৈতিক দল থেকে সাত শতাধিক নেতাকর্মী এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়। যদিও অনুষ্ঠানস্থল চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই স্মৃতি হলের ধারণক্ষমতা অনুযায়ী উপস্থিতি ছিল সাড়ে তিনশ জনের কাছাকাছি।

মঞ্চ থেকে নতুন যোগদানকারী ১৭ জন নেতার নাম ঘোষণা করা হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— এলডিপির চট্টগ্রাম মহানগর সেক্রেটারি জাফর আহমেদ চৌধুরী, আপ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক হুজ্জাতুল্লাহ বিন ফারুক আজাদ এবং যুগ্ম আহ্বায়ক ডা. এম আর রহমান মাবরুর।

নতুন সদস্যদের স্বাগত জানিয়ে নাহিদ ইসলাম দলের অভ্যন্তরে শৃঙ্খলা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, যারা আজ নতুন যোগ দিয়েছেন এবং যারা আগে থেকেই আছেন, সবাইকে ভেদাভেদ ভুলে কাজ করতে হবে। এনসিপির পতাকাতলে সবাই নিজের যোগ্যতা অনুসারে মূল্যায়ন পাবেন। মনে রাখতে হবে, আমাদের সবচেয়ে বড় শক্তি হলো পারস্পরিক ঐক্য।

অনুষ্ঠানে স্থানীয় এনসিপি নেতারা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন