বুধবার । ৬ই মে, ২০২৬ । ২৩শে বৈশাখ, ১৪৩৩

চিকিৎসক সেজে চক্ষুরোগী দেখতেন তিনি

গেজেট প্রতিবেদন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ভুয়া পদবিধারী এক ব্যক্তি ডাক্তার পরিচয়ে চিকিৎসা প্রদান করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৬ মে) জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে অবস্থিত বায়তুল মামুর চক্ষু হাসপাতালে এ অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল।

অভিযানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা এবং জীবননগর থানা পুলিশের একটি টিম।

বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর আওতায় পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে জানা যায়, অভিযুক্ত তাফহিমুল হোসাইন দীর্ঘদিন ধরে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে সাধারণ রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। তবে তার শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র ও পেশাগত বৈধতা যাচাই করতে গিয়ে গুরুতর অসঙ্গতি ধরা পড়ে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানা যায়, প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয় এবং প্রাথমিক তদন্ত শেষে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল বলেন, চিকিৎসক পরিচয়ে তিনি রোগী দেখতেন। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। চিকিৎসার মতো সংবেদনশীল পেশায় ভুয়া পরিচয়ে কাজ করা একটি গুরুতর অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন