সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩

হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৩ দিনের রিমান্ডে

গেজেট প্রতিবেদন

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর থানার বিপ্লব শেখ হত্যা মামলায় এক-এগারোর সময়ে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৪ মে) তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, মামলার এজাহারভুক্ত আসামি মাসুদ উদ্দিন চৌধুরীর নির্দেশে অন্য আসামিরা আন্দোলন দমনের উদ্দেশে গুলি চালায়। এতে বিপ্লব শেখ প্রাণ হারান। প্রাথমিক তদন্তে তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, সে তথ্য উদঘাটনের জন্য এই আসামির ৫ দিনের রিমান্ড চান।

রাষ্ট্র পক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন অর রশিদ রিমান্ডের পক্ষে শুনানি করেন। তিনি আদালতকে বলেন, এই আসামি উল্লিখিত ঘটনার সঙ্গে জড়িত রয়েছে এবং সবচেয়ে তার বড় পরিচয় তিনি এক-এগারোর কুশীলব ছিলেন। শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য এই আসামি সব ধরনের সহযোগিতা করেছেন। এ মামলার সুষ্ঠু তদন্তের জন্য এবং এ মামলার কারা অস্ত্র ও অর্থ জোগান দিয়েছেন— তাদের বের করার জন্য তার সর্বোচ্চ রিমান্ড প্রার্থনা করেন।

আসামি পক্ষের আইনজীবী উম্মে হাবিবা রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন চান। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যায় মিরপুর-১০ এলাকায় আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় বিপ্লব শেখ গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৫ সালের ১ জুলাই তার বাবা পারভেজ শেখ মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত ২৩ মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৪ মার্চ পল্টন মডেল থানার মামলায় তার পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। পরবর্তীতে একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো ও রিমান্ডে নেওয়া হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন