শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

চুয়াডাঙ্গায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

গেজেট প্রতিবেদন

চুয়াডাঙ্গায় হামের উপসর্গ নিয়ে ৯ মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলার সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বেড়েছে। শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।

মৃত শিশুর নাম আমির হামজা। সে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি গ্রামের ইব্রাহীমের ছেলে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল হামের উপসর্গ নিয়ে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত শনিবার সকালে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। এখন পর্যন্ত মোট ৭৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে বর্তমানে ১৭ জন ভর্তি রয়েছেন। এ পর্যন্ত এই উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল (আরএমও) ডা. নাজমুস সাকিব জানান, হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। নিয়মিত পর্যবেক্ষণ ও চিকিৎসার মাধ্যমে অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে কিছু ক্ষেত্রে জটিলতা দেখা দিচ্ছে, যা উদ্বেগের বিষয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন