মঙ্গলবার । ২৮শে এপ্রিল, ২০২৬ । ১৫ই বৈশাখ, ১৪৩৩

উত্তাল হয়ে উঠতে পারে সমুদ্র, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

গেজেট প্রতিবেদন

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে। এ অবস্থায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তাদের ফেসবুক পেজে এ তথ্য জানায়।

এতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করুন।

এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেসবুকে জানিয়েছেন, ঢাকা শহরসহ ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর ওপরে প্রায় সারাদিন তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।

‘বিশেষ করে ঢাকা বিভাগের নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ; চট্টগ্রাম বিভাগের ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার ওপরে আজ (মঙ্গলবার) সারাদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।’

তিনি আরও লিখেছেন, বৃষ্টিপাত উত্তর থেকে দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে খুবই ধীরে-ধীরে। যে কারণে কিশোরগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা ও ফেনী জেলায় আজ ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন