সোমবার । ২৭শে এপ্রিল, ২০২৬ । ১৪ই বৈশাখ, ১৪৩৩

যশোরের পথে প্রধানমন্ত্রী

গেজেট প্রতিবেদন

প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সরকারি সফরে যশোরের উদ্দেশে রওনা হয়েছেন। এই সফরে তিনি শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় যোগ দেবেন।

সোমবার (২৭ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী তার গুলশানের নিজ বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। এরপর সকাল সাড়ে ৯টায় তিনি আকাশপথে যশোরের উদ্দেশে যাত্রা করেন।

তিনি সকাল ১০টা ১৫ মিনিটে যশোর বিমানবন্দরে পৌঁছে শার্শা উপজেলার উলশী খাল খনন অনুষ্ঠানস্থলের উদ্দেশে রওনা হবেন।

সেখানে বেলা ১১টা ১৫ মিনিটে উপস্থিত হয়ে খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা সাড়ে ১১টায় উলশী এলাকায় আয়োজিত একটি পথসভা ও সুধী সমাবেশে যোগ দেবেন তিনি।

শার্শার কর্মসূচি শেষে দুপুর ১২টা ১৫ মিনিটে সড়কপথে যশোর সার্কিট হাউসের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। দুপুর সোয়া ১টায় সার্কিট হাউসে পৌঁছে তিনি বিশ্রাম ও বিরতি নেবেন।

এরপর বিকেল ৩টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালের বহুল প্রতীক্ষিত ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল সাড়ে ৩টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

জনসভা শেষে বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি যশোর বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন এবং সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আকাশপথে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন