সারা দেশে চলমান তাপপ্রবাহের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নামে ছড়ানো একটি সতর্কবার্তাকে ‘ভুয়া’ বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, তাপমাত্রা বৃদ্ধি সংক্রান্ত কোনো বার্তা তারা প্রচার করেনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফেসবুক পেজ থেকে দেয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ এপ্রিল থেকে ১২ মে এবং ২৫ মে থেকে ৪ জুন পর্যন্ত গরমে তাপমাত্রা বৃদ্ধি ও করণীয় সংক্রান্ত কোনো বার্তা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক প্রচার করা হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনমনে আতঙ্ক বা বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে ফায়ার সার্ভিসের নাম ও লোগো ব্যবহার করে এই ভুয়া তথ্যটি ছড়ানো হচ্ছে। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে, যেকোনো সরকারি নির্দেশনা বা সতর্কবার্তার জন্য শুধুমাত্র নির্ভরযোগ্য উৎস এবং দাপ্তরিক মাধ্যম যাচাই করার পরামর্শ দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্দিষ্ট তারিখ উল্লেখ করে তীব্র তাপপ্রবাহের একটি ভুয়া বার্তা ভাইরাল হয়েছিল, যার সাথে ফায়ার সার্ভিসের কোনো সম্পর্ক নেই বলে আজ নিশ্চিত করা হলো।

