নেত্রকোনার পূর্বধলায় নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জামায়াতে ইসলামীর এমপি অধ্যাপক মাছুম মোস্তাফাকে অবরুদ্ধ করে রাখার হয়েছে। এ সময় দুবৃর্ত্তরা তার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের গিরিপথ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা বলছেন, কয়েকজন দুবৃত্ত তাকে কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখে।
স্থানীয় এলাকাবাসী ও জামায়াত সূত্রে জানা গেছে, নেত্রকোনার পূর্বধলায় আজ শুক্রবার সন্ধ্যায় এমপি মাছুম মোস্তাফা গিরিপথ ফিলিং স্টেশনে তেল নিতে যান। এ সময় কয়েকজন লোক অতর্কিত তার গাড়িতে হামলা চালায়। তাকে কিছুসময় অবরুদ্ধ করে রাখে দুবৃর্ত্তরা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীন জাহান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম ঘটনাস্থলে যান। পরে তারা এমপি মাছুম মোস্তফাকে উদ্ধার করেন। ঘটনার পর থেকে উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে।
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের এমপি মাছুম মোস্তাফা জানান, বিএনপির কয়েকজন অতর্কিত হামলা করে প্রথমে গাড়িটি ভাঙচুর করে। পরে তার ওপর আক্রমণ করে। ঘটনাটি স্থানীয় প্রশাসনকে জানালে তারা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার বলেন, বিএনপির কোনো লোকজন এমপির গাড়িতে হামলা করেনি। এমপির গাড়ি নিয়ে তার লোকজন তেলে পাম্পে তেল নিতে গিয়েছিল। তেলের পাম্প বন্ধ থাকায় পাম্পের লোকজনের সঙ্গে কথা কাটাকাটির ঘটনা ঘটে। আমাদের লোকজনের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম জানান, পেট্রোল পাম্প থেকে তেল নিতে গেলে কয়েকজন এমপির গাড়িতে হামলা করেছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীন জাহান জানান, এমপির গাড়িতে হামলার খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে তার গাড়িটি উদ্ধার করা হয়।

