শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’

গেজেট প্রতিবেদন

দেশের দিকে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’ ধেয়ে আসছে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা ও পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। এর ফলে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।শুক্রবার (২৪ এপ্রিল) এক ফেসবুক পোস্টে ওয়েদার অবজারভেশন টিম এ তথ্য জানায়।

সংস্থাটি জানায়, এই বৃষ্টি বলয়ের প্রভাবে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের অবসান ঘটে দেশজুড়ে আবহাওয়া বেশ আরামদায়ক হওয়ার সম্ভাবনা আছে। তবে অতিবৃষ্টির কারণে কিছু এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের পূর্বাভাস অনুযায়ী, ‘ঝুমুল’ মূলত আগামী ২৬ বা ২৭ এপ্রিল থেকে শুরু হয়ে ৭ বা ৮ মে পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এটি একটি পূর্ণাঙ্গ বৃষ্টি বলয় হওয়ায় দেশের প্রায় সব এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দেশের সর্বত্র বৃষ্টি হলেও সিলেট, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে এর তীব্রতা সবচেয়ে বেশি হবে।

অতি বৃষ্টির ফলে সিলেট ও ময়মনসিংহের নিচু এলাকাগুলোতে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের এ ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

এ সময়ে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির শঙ্কা রয়েছে। সেইসঙ্গে মাঝারি থেকে তীব্র বজ্রপাত হতে পারে।

এই বৃষ্টি বলয়টি সক্রিয় হওয়ার পর দীর্ঘদিন ধরে চলা অসহ্য গরম ও তাপপ্রবাহ প্রশমিত হবে। তখন তাপমাত্রা হ্রাস পেয়ে আবহাওয়া অনেকটাই আরামদায়ক হয়ে উঠবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন