বৃহস্পতিবার । ২৩শে এপ্রিল, ২০২৬ । ১০ই বৈশাখ, ১৪৩৩
জোড়াগেটের কয়েকটি বস্তি যেন আখড়া

মাদকের চালান পরিবহন না করায় নির্যাতন চালানো হয় আছিবের পরিবারের ওপর

নিজস্ব প্রতিবেদক

খুুলনা নগরীর জোড়াগেট মন্টুর বস্তিসহ আশপাশের কয়েকটি বস্তি যেন মাদকের আখড়া। এখান থেকে মাদকের চালান পাঠানো হয় শহরের বিভিন্ন স্থানে। ১৯ এপ্রিল সন্ধ্যায় মাদক সম্রাট ফারুখ সরদারের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি সূর্যগাছীর বাড়িতে প্রবেশ করে। সেখানে তারা হাসিবুর রহমান আছিবকে ইয়াবার একটি চালান ধরিয়ে দিয়ে দৌলতপুর নিয়ে যেতে বলে। কিন্তু তাদের কথায় রাজি না হওয়ায় তার ওপর চলে নির্যাতন। পরে ভোর রাতে সশস্ত্র হামলা চালানো হয় তার পরিবারের ওপর। আছিবসহ তার পরিবারের ওপর হামলা ঘটনায় দায়ের করা মামলার তদন্তে এসব তথ্য উঠে এসেছে।

মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার এসআই রুবেল মোহন্ত বলেন, ‘ফারুখ সরদার জোড়াগেট এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ঘটনার দিনগত রাত ৮টার দিকে ফারুখ সরদারসহ কয়েকজন সূর্যগাছীর বাড়িতে প্রবেশ করে আছিবকে ডেকে নিয়ে যায়। রাতে তাকে মাদকের একটি চালান ধরিয়ে দিয়ে দৌলতপুরে দিয়ে আসতে বলে। কিন্তু আছিব তাদের প্রস্তাব প্রত্যাখান করলে তাকে রাতে বিভিন্নস্থানে নিয়ে মারধর করে। পরে পালিয়ে মধ্যরাতে বাড়িতে ফিরে আসে আছিব। এ খবর জানতে পেরে তারা ভোর ৫টার দিকে আছিবের বাড়িতে প্রবেশ করে তাকে মারধর করতে থাকে। পরে মারধর ঠেকাতে এলে আরও তিনজনের ওপর হামলা চালায়। হামলায় আসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে মারত্মক জখম করে। অন্যান্যদের কাঠের বাতা ও লোহার রড দিয়ে আঘাত করে আহত করে।’

তিনি আরও বলেন, ‘এ মামলার আসামি সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। ফারুখ সরদারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।’

এলাকাবাসীর অভিযোগ, ফারুখ সরদার ও জিম দু’জন মন্টুর কলোনীর বাসিন্দা। তারা দুর্ধর্ষ প্রকৃতির। তাদের সন্ত্রাসী কার্যাকালাপে অতিষ্ট এলাকার মানুষ। ভয়ে তাদের অপরাধের কথা কাউকে জানাতে পারেনা।

খুলনা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, ‘অপরাধ করলে কোনো ছাড় নেই। এ হামলার সাথে যারা জড়িত আছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন