ঢাকায় অনুষ্ঠিতব্য জেলা প্রশাসক সম্মেলনে সংকট-সমস্যা নিরসনে খুলনার দু’টি প্রস্তাব উপস্থাপন করা হবে। উপকূলবর্তী উপজেলা পাইকগাছায় মিঠে পানি সরবরাহ ও বিল ডাকাতিয়াসহ ২৭টি বিলের স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবি করা হবে। আগামী ৩-৬ মে জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হবে।
নয়া সরকারের আমলে এই প্রথম জেলা প্রশাসক সম্মেলন। নবাগত জেলা প্রশাসক হুরে জান্নাত খুলনার প্রতিনিধিত্ব করবেন। তিনি ২ এপ্রিল যোগদান করেন। তথ্য অধিকার আইনে আবেদনের পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার নাফিস আল মাহাদী এ তথ্য প্রকাশ করেন।
গত ৭ এপ্রিল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জেলা প্রশাসক বলেন, ‘জেলার যে কোন সমস্যা-সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে।’ তিনি বলেন, ‘তার দপ্তরসহ সরকারি যে-কোনো দপ্তরে জনসাধারণের হয়রানিমূলক কোন কাজ আর হতে দেওয়া হবে না।’
সভায় সাংবাদিকরা বর্তমান সংকটকালীন পরিস্থিতিতে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, কোচিং সেন্টার নিয়ন্ত্রণ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্রিয়তা, রূপসাসহ বিভিন্ন খেয়াঘাটের শৃঙ্খলা ফেরানো, সুন্দরবনের পর্যটন কেন্দ্র, উপকূলীয় বেড়িবাঁধ, কয়রা- ঢাকা বাস সার্ভিস চালু, খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং হামসহ স্বাস্থ্য সেবার উন্নতি ও প্রশাসনিক বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতার বিষয়ে তুলে ধরেন।
জেলা প্রশাসক সম্মেলনে আলোচ্য বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সূত্র বলেন, বিল ডাকাতিয়া এলাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিশেষ করে ধামালিয়া, রঘুনাথপুর, রুদাঘরা, খর্নিয়া, আটলিয়া, মাগুরাঘোনা, শোভনা, শরাফপুর, সাহস, ভান্ডারপাড়া, ডুমুরিয়া সদর, রংপুর, গুটুদিয়া ও মাগুরখালি ইউনিয়নে ১৬০ কোটি টাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়। শ’ শ’ বিঘার মাছের ক্ষেত ভেসে যায় মাছের ঘের ভেসে যায়। বর্ষাকালীন সবজি বিনষ্ট হয়। বিগত সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী আলী আসগর লবী ও জামায়াতে ইসলামীর প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বিল ডাকাতিয়া সমস্যার সমাধানের আশ্বাস দেন।
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধূরী উপজেলার পানি সংকটের চিত্র তুলে ধরে বলেন, ১০ ইউনিয়নের মধ্যে গড়ইখালি, সোলাদানা, লস্কর, দেলুটি ও চাঁদখালীতে শুষ্ক মৌসুমে পানি সংকট দেখা দেয়। উপজেলার ২ লাখ ৮০ হাজার জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক পানি সংকটে ভোগে। তারা বৃষ্টি মৌসুমে সংরক্ষণ করা পানি পুরো বছর পান করে। সংকটগ্রস্ত এলাকায় প্রকল্প গ্রহণ করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
২০২৪ সালের ৩-৬ মার্চ সর্বশেষ ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক খোন্দকার ইয়াসির আরেফিন খুলনার প্রতিনিধিত্ব করেন। সম্মেলনে তিনি শিবসা, ভৈরব, হাড়িয়া, গুনাখালি, করলিয়া, শৈলমারি, হামকুড়া, হরি ভদ্রা, কাজীবাছা নদীর নাব্যতার বিষয়টি তুলে ধরেন।
সম্মেলনে তিনি উল্লেখ করেন, আত্রাই ভৈরব ও রূপসা নদীতে পলি পড়ায় নৌযান চলাচল ব্যাহত, মাছের বিচরণ ক্ষেত্র সংকীর্ণ, পলি পড়ায় অবৈধ দখলদার ও জলাবদ্ধতার কথা উল্লেখ করেন। তিনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চিংড়ি শিল্প বিকাশের জন্য ‘চিংড়ি শিল্প উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠন করার বিষয়ে জোর দেন। বলেন, ‘খুলনা- সাতক্ষীরা ও বাগেরহাট জেলা কেন্দ্রিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তুললে দারিদ্রতা কমবে। খুলনার উপকূলে মিঠে পানি সরবরাহের লক্ষ্যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ও পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করার পরামর্শ দেন। ২০২৩ সালে খুলনা জেলায় ৬ কোটি ৮৪ লাখ টাকা মূল্যের ১২ একর ৪০ শতক খাস জমি উদ্ধার হয়।
প্রসঙ্গত, পাইকগাছা খুলনা-৬ আসনের একটি উপজেলা। জামায়াতে ইসলামীর মাওলানা আবুল কালাম আজাদ এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ডুমুরিয়া উপজেলা খুলনা-৫ আসনের একাংশ। বিএনপির আলি আসগর লবি এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
খুলনা গেজেট/এনএম

