রবিবার । ১৯শে এপ্রিল, ২০২৬ । ৬ই বৈশাখ, ১৪৩৩

বিডা, বেপজাসহ ৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে নতুন বিনিয়োগ সংস্থা

গেজেট প্রতিবেদন

পদ্ধতিগত জটিলতা দূর করে দেশে বিনিয়োগপ্রক্রিয়া আরও সহজ করতে চায় সরকার। এ লক্ষ্যে ছয়টি সংস্থার সব সেবা এক ছাতার নিচে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সংস্থাকে একীভূত করে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’ নামে একটি নতুন দপ্তর গঠন করা হবে।

বিলুপ্ত হতে যাওয়া সংস্থাগুলো হলো বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন।

জানা গেছে, এসব প্রতিষ্ঠান বিলুপ্ত করে নতুন একটি দপ্তর গঠনের প্রক্রিয়া শুরু করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। নতুন কাঠামোতে কাজ আরও সহজ করতে কাগুজে নথির বদলে ডি-নথি (ডিজিটাল ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম) চালু করা হবে।

সহজ ব্যবসার সূচকে বরাবরই বাংলাদেশের অবস্থান থাকে পেছনের সারিতে। এক দপ্তর থেকে কাগজপত্র নিয়ে অন্য দপ্তরে দৌড়ঝাঁপ নিয়ে অসন্তোষ রয়েছে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের। দেশে কাঙিক্ষত বিনিয়োগ আকৃষ্ট করতে না পারার পেছনে এই আমলাতান্ত্রিক জটিলতাকে একটি বড় কারণ হিসেবে বিবেচনা করা হয়। আবার নানা কারণে কাঙ্ক্ষিত বিনিয়োগ না আসায় নতুন কর্মসংস্থানও সেভাবে বাড়ছে না।

এমন বাস্তবতায় বিনিয়োগ বিষয়ক সব সেবা এক ছাতার নিচে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় সরকার। এর অংশ হিসেবে এরইমধ্যে এ সংক্রান্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া, জনবল স্থানান্তর এবং নতুন প্রতিষ্ঠানের অর্গানোগ্রাম তৈরির কাজ শুরু হয়েছে। গঠন করা হয়েছে কয়েকটি কমিটি। আগামী ২ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠকে নতুন দপ্তর স্থাপনসংক্রান্ত সব খসড়া চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

আশা করা হচ্ছে, প্রস্তাবিত একীভূতকরণ বাস্তবায়ন হলে বিনিয়োগ প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হবে। তবে দৃশ্যত এর আইনি ও প্রশাসনিক জটিলতা বিবেচনায় সিদ্ধান্তটি বাস্তবায়নই হবে বড় চ্যালেঞ্জ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন