রবিবার । ১৯শে এপ্রিল, ২০২৬ । ৬ই বৈশাখ, ১৪৩৩

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গেজেট প্রতিবেদন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে রুফাইয়িত হোসেন (৪) ও আনিসা (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ও দুপুরে উপজেলার নাটুদা ও কুড়ুলগাছি ইউনিয়নে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নাটুদা ইউনিয়নের বোয়ালমারি গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা যায় রুফাইয়িত হোসেন (৪)। সে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ঢোলমারি গ্রামের আসমান আলীর ছেলে।

স্বজনরা জানান, মায়ের সঙ্গে নানা আবুল কাশেমের বাড়িতে বেড়াতে আসে রুফাইয়িত। সকালে বাড়ির পাশে খেলাধুলা করতে করতে একপর্যায়ে সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এর কয়েক ঘণ্টা পর দুপুরে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর খামারীপাড়ায় ঘটে আরেকটি দুর্ঘটনা। আনোয়ার হোসেনের ৯ মাস বয়সী কন্যা আনিসা অসাবধানতাবশত বাড়ির পাশের পানিভর্তি একটি গর্তে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

দামুড়হুদা মডেল থানা-পুলিশের পরিদর্শক (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন