কুষ্টিয়ায় দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া বাস চলাচল আবার শুরু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১টায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে মালিক ও শ্রমিক নেতাদের মধ্যে এক বৈঠকে উভয়পক্ষের সমঝোতা হওয়ায় স্থানীয় রুটে বাস চলাচল শুরু হয়েছে।
সমোঝতা হওয়ায় কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী, কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ অন্যান্য রুটে মালিক গ্রুপ ও মালিক সমিতির বাস আবার চলাচল শুরু করেছে।
কুষ্টিয়া জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম বলেন, পুলিশ সুপারের কার্যালয়ে সকাল ১১টায় এক বৈঠকে বসা হয়। এসময় শ্রমিকদের করা দাবি উপস্থাপন করা হয়। দুপুর ১টার সময় উভয় পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি।
কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, বাস-মিনিবাস শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা তাদের দাবির কথা জানান। এসব দাবি পূরণ না করায় তারা গতকাল শুক্রবার থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ করেছিল। আজ পুলিশ সুপারের কার্যালয়ে বৈঠকে উভয়পক্ষের সমঝোতা হয়েছে। শ্রমিকরা আবারও কাজে যোগদান করেছেন।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার ভোর থেকে অভ্যন্তরীণ সব রুটে কুষ্টিয়ার মালিক গ্রুপ ও মালিক সমিতির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল। বাস-মিনিবাস মালিক গ্রুপের সঙ্গে কুষ্টিয়া-খুলনা-যশোর রুটে মোটর শ্রমিক ইউনিয়নের বাসও অন্তর্ভুক্ত। গত ১৫ এপ্রিলের মধ্যে দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু দাবি না মানায় মালিক গ্রুপের বাস মিনিবাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছিল। তাদের সাথে একমত হয়ে মালিক সমিতির শ্রমিকরাও বাস চলাচল বন্ধ রেখেছিল।
কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, এক সপ্তাহ আগে বাস, মিনিবাস শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা দুটি দাবির কথা জানান। দাবিগুলো হচ্ছে- পরিবহন সংশ্লিষ্ট মালিক যেসব সুযোগ সুবিধা নেয়, শ্রমিকদেরও একই সুযোগ সুবিধা দিতে হবে। শ্রমিক সংগঠনের নামে একটি বাস কুষ্টিয়া থেকে খুলনা রুটে চলাচল করার অনুমোদন দিতে হবে।

