বুধবার । ১৫ই এপ্রিল, ২০২৬ । ২রা বৈশাখ, ১৪৩৩

‘যোগ্য ব্যক্তির কদর বুঝলো না চামচামির বাংলাদেশ’— বক্তব্যটি আসিফের নয়

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠলে বিদ্যমান কমিটি বাতিল করা হয়। পরবর্তীতে গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অন্তর্বর্তী কমিটি গঠন করে। তামিমের নেতৃত্বাধীন এই কমিটিতে বিএনপির তিন নেতার সন্তান এবং এক নেতার স্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ক্রিকেট বোর্ডে রাজনৈতিক প্রভাবের প্রসঙ্গকে আবারও আলোচনায় নিয়ে আসে। এ ঘটনাকে ঘিরে শুরু হয়েছে বিস্তর আলোচনা-সমালোচনা।

পরিপ্রেক্ষিতে, কণ্ঠশিল্পী আসিফ আকবরকে উদ্ধৃত করে ‘বলেছিলাম না এইটাই হবে। যোগ্য ব্যক্তির কদর বুঝলো না চামচামির বাংলাদেশ।’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফ্যাক্টচেক
রিউমার স্ক্যানার টিমের তদন্তে দেখা গেছে, ক্রিকেট বোর্ডের নতুন কমিটি নিয়ে আসিফ আকবর এমন কোনো মন্তব্য করেননি। বাস্তবে কোনো প্রমাণ ছাড়াই তার নামে এই বক্তব্যটি ছড়িয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে যাচাই-বাছাই করে দেখা যায়, আলোচিত দাবিতে ছড়ানো পোস্টগুলোতে নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্রের উল্লেখ নেই। আসিফ আকবরের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট, মূলধারার গণমাধ্যম বা বিশ্বাসযোগ্য কোনো উৎসেও এ সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি। সাধারণত তার মতো পরিচিত ব্যক্তির এমন মন্তব্য করলে তা বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশ পেত, কিন্তু এ ক্ষেত্রে তেমন কোনো খবরও পাওয়া যায়নি।

পরবর্তীতে, এ বিষয়ে অধিকতর নিশ্চিত হতে আসিফ আকবরের সঙ্গে যোগাযোগ করে রিউমার স্ক্যানার। তিনি এমন মন্তব্য করেননি বলে জানান।

সুতরাং, আসিফ আকবরকে উদ্ধৃত করে ‘বলেছিলাম না এইটাই হবে। যোগ্য ব্যক্তির কদর বুঝলো না চামচামির বাংলাদেশ।’ শীর্ষক দাবিতে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন