গত এক দশক ধরে বাংলাদেশের সব আন্তর্জাতিক খেলা অনুষ্ঠিত হয় ঢাকা, চট্টগ্রাম আর সিলেটে। তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান এডহক কমিটি এবার বগুড়া, খুলনা ও ফতুল্লার তিনটি স্টেডিয়ামে আবার খেলা আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চায়।
বগুড়ায় ২০১৬ সালে শেষবার ছেলেদের আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল। শ্রীলঙ্কার বিপক্ষে ওই টেস্টের পর শুধু নারী ক্রিকেটের একটি ম্যাচ ছাড়া দীর্ঘ সময় সেখানে আন্তর্জাতিক ক্রিকেট হয়নি। ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ছিল খুলনার স্টেডিয়ামে শেষ আন্তর্জাতিক ম্যাচ। আর ফতুল্লার মাঠে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০১৪ সালে, বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলেছিল।
শুক্রবার (১০ এপ্রিল) এডহক কমিটির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানিয়েছেন, এই মাঠগুলো সংস্কার করে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো উদ্যোগ নিচ্ছে বিসিবি। তিনি বলেন, ‘এই মাঠগুলো একসময় আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভেন্যু ছিল। কিন্তু দীর্ঘদিন খেলা না হওয়ায় স্বীকৃতি হারিয়েছে। এখন আমাদের অনেক মাঠের প্রয়োজন। তাই এগুলোকে আবার আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে আসার জন্য কাজ করব।’
তিনি আরও জানান, শুধু সংস্কার নয়, মাঠগুলোকে আন্তর্জাতিক মানে ফেরাতে অবকাঠামোগত উন্নয়ন, উইকেট প্রস্তুতি ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া হবে।

