বৃহস্পতিবার । ৯ই এপ্রিল, ২০২৬ । ২৬শে চৈত্র, ১৪৩২

জ্বালানি নিয়ে আতঙ্কের কিছু নেই, পরিস্থিতি স্বাভাবিক: বাণিজ্যমন্ত্রী

গেজেট প্রতিবেদন

জ্বালানি পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, অযথা আতঙ্ক ছড়িয়ে পড়লে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সিলেট নগরের তোপখানায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, একজন মানুষের আতঙ্ক অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে। তবে বাস্তবে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি, যার কারণে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন রয়েছে।

তিনি জানান, বর্তমানে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং বিদ্যুৎ ব্যবস্থাও ঠিকভাবে চলছে। “পাম্পে গেলে তেল পাওয়া যাচ্ছে, সুইচ চাপলে বিদ্যুৎ মিলছে— তাহলে সমস্যার কারণ কোথায়?”— প্রশ্ন রাখেন তিনি।

সরকার পরিস্থিতি দায়িত্বশীলভাবে মোকাবিলা করছে উল্লেখ করে তিনি বলেন, অতীতেও দ্রব্যমূল্যের চাপ সফলভাবে সামাল দেওয়া হয়েছে এবং এতে জনগণের সহযোগিতাও গুরুত্বপূর্ণ ছিল।

এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারের প্রভাবেই দাম বাড়ে। বিশেষ করে সৌদি আরামকোর নির্ধারিত সিপি এবং তার সঙ্গে প্রিমিয়াম যোগ করে দেশে এলপিজির দাম নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব দেশীয় বাজারেও পড়ছে।

তবে সরকার জনস্বার্থে মূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, যাতে সাধারণ মানুষ অতিরিক্ত চাপের মুখে না পড়ে।

সবশেষে তিনি সবাইকে সাশ্রয়ী ও সচেতনভাবে জ্বালানি ব্যবহারের আহ্বান জানান। এতে আমদানি কমবে এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপও হ্রাস পাবে বলে উল্লেখ করেন তিনি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন