গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৩০০ লিটার জ্বালানি তেল মজুত করে বেশি দামে বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের হাজরাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ এ জরিমানা করেন।
জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন— বকুল চন্দ্র গাইন (৬০) ও শিপ্রা শিখরী (৩৪)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ জানান, সাদুল্লাপুর ইউনিয়নের হাজরাবাড়ি গ্রামে কয়েকজন ব্যক্তি তেল মজুত করে বেশি দামে বিক্রি করছেন— এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ৩০০ লিটার জ্বালানি তেল মজুত করে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, কেউ যাতে তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি ও বেশি দামে বিক্রি করতে না পারে, সে জন্য এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

