বৃহস্পতিবার । ৯ই এপ্রিল, ২০২৬ । ২৬শে চৈত্র, ১৪৩২

মাগুরায় জ্বালানি তেল সংগ্রহের লাইনে দাঁড়িয়ে স্বামীদের সহায়তা করছেন নারীরা

গেজেট প্রতিবেদন

মাগুরায় জ্বালানি তেল সংগ্রহের লাইনে দাঁড়িয়ে স্বামীদের কাজে সহায়তা করতে এগিয়ে এসেছেন নারীরা। লাইনে পেট্রোল, ডিজেল ও অকটেন সংগ্রহ করতে গিয়ে কৃষক, যানবাহন চালক ও মোটরসাইকেল আরোহীদের পাশাপাশি নারীদেরও উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে শহরের ফাতেমা ফিলিং স্টেশনসহ বিভিন্ন পাম্প এই চিত্র দেখা যায়, পুরুষদের পাশাপাশি লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন নারীরাও।

সদর উপজেলার কাটাখালী এলাকা থেকে আসা রোকসানা বেগমকে দেখা গেল শিশু সন্তান কোলে নিয়ে তেলের লাইনে দাঁড়িয়ে থাকতে। তিনি জানান, তার স্বামী কৃষিকাজ করেন। তেল নিতে প্রায় পুরো দিনই চলে যায়। স্বামী দীর্ঘ সময় লাইনে থাকলে কৃষিকাজে ব্যাঘাত ঘটে, তাই পরিবারের প্রয়োজনে নিজেই এগিয়ে এসেছেন। শুধু রোকসানা নন, তার মতো আরও অনেক নারীকেই আজ তেলের পাম্পগুলোতে দেখা গেছে।

স্থানীয় সূত্র জানায়, আন্তর্জাতিক অঙ্গনে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকটের আশঙ্কায় সাধারণ মানুষ ও কৃষকেরা আগেভাগেই তেল সংগ্রহের চেষ্টা করছেন। এতেই পাম্পগুলোতে অস্বাভাবিক ভিড় তৈরি হয়েছে।

বোরো মৌসুমে সেচযন্ত্র চালানোর জন্য ডিজেল সংগ্রহেই কৃষকদের ভিড় সবচেয়ে বেশি। কৃষকেরা আশঙ্কা করছেন, সরবরাহ ব্যাহত হলে তাদের ধান আবাদে বড় ধরনের ক্ষতি হতে পারে।

মাগুরার জেলা প্রশাসক আব্দুল আল মাহামুদ জানান, জেলায় তেলের কোনো ঘাটতি নেই। তবে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব এবং চলতি কৃষি মৌসুমে বাড়তি চাহিদার কারণে পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পাম্পে একজন করে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেয়া হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন