শুক্রবার । ২৭শে মার্চ, ২০২৬ । ১৩ই চৈত্র, ১৪৩২

নাটোরে পাওয়ার গ্রিডে ডাকা‌তি, ২ কোটি টাকার মালামাল লুট

গেজেট প্রতিবেদন

নাটোরের বড়াইগ্রামে নির্মাণাধীন পাওয়ার গ্রিডে পাহাড়াদারদের বেঁধে ১ কোটি ৯৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ মার্চ) গভীর রাতে উপজেলার বনপাড়ায় নির্মাণাধীন ওই গ্রিডে এ ঘটনা ঘটে।

গ্রিডে কর্মরত পাহাড়াদার আবুল কাশেম বলেন, ‘আমরা ৪ জন এখানে কাজ করি। সবার বাড়ী আশপাশেই। বুধবার সন্ধ্যা আমি ডিউটিতে আসি। পরে অন্য ৩ জন আসেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শফিকুল খেতে যান। ২০ মিনিট পরে গেট খোলার জন্য নক করলে খুলে দেই। এসময় হঠাৎ পেছন থেকে ৫-৬ জন শফিকুলের কলার ধরে ভেতরে নিয়ে এসে তারা অস্ত্র বের করে আমাদের জিম্মি করে বেঁধে ফেলেন। হাত, মুখ, চোখ, পা বেঁধে হুমকি দেয় কোনো শব্দ করলে প্রাণে মেরে ফেলবে। এরপর ভেতরে গাড়ী ঢুকিয়ে গভীর রাতে মালামাল লুট করে পালিয়ে যায়। পরে আমরা নিজেদের বাঁধন খুলে বাইরে গিয়ে ৯৯৯-এ ফোন দেই একই সাথে ইঞ্জিনিয়ার স্যারদের জানাই।’

গ্রিডের উপসহকারী প্রকৌশলী আনাস আলী বলেন, গ্রিডে বতর্মানে সিভিল কনস্ট্রাকশন ও ইলেকট্রিক ফিটিংসের কাজ চলছে। তাদের পক্ষ থেকে চারজন পাহাড়াদার নিয়োগ করা হয়েছে। ইলেকট্রিক অংশের কাজ করছে চায়না ন্যাশনাল ওয়ার এন্ড ক্যাবল ইমপোর্ট এক্সপোর্ট করপোরেশন (সিসি কোম্পানি)।

সিসির প্রকৌশলী সোলায়মান আলী বলেন, আমরা চায়না কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করছি। আমাদের লুট হওয়া মালামাল তালিকা যাচাই করে দেখা গেছে ৩৬৮ পিস ব্যাটারি নিয়ে গেছে। যার মূল্য প্রায় এক কোটি ১৩ লাখ। ২ হাজার মিটার তামার তার যার মূল্য প্রায় ৫৩ লাখ টাকাসহ অন্যান্য মালামাল মিলে ১ কোটি ৯২ লাখ ৬০ হাজার ২৮৯ টাকা। এখানে দুটি ডিভিয়ার দ্বারা সিসি ক্যামেরা পরিচালিত হতো। তারা দুটি ডিভিয়ারই নিয়ে গেছে। একই সাথে পাড়াদাদের কাছে থাকা মোবাইল ফোনও নিয়ে গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন চন্দ্র হোড় বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা উদঘাটনে ডিবি টিম কাজ শুরু করেছে। পিজিসিবির পক্ষ থেকে অভিযোগ দাখিলের প্রক্রিয়া চলছে। ঘটনায় জড়িতদের আটক এবং মালামাল উদ্ধারে কাজ করছে পুলিশ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন