ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে অভিজ্ঞ ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। তাকে দলে ভেড়াতে কোমর বেঁধে নামছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। ফ্রি ট্রান্সফারে এই তারকাকে পাওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না ইন্টার প্রেসিডেন্ট বেপ্পে মারোত্তা।
২০২২ সালে রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর সময়টা খুব একটা সুখকর হয়নি ক্যাসেমিরোর। যদিও তিনি ১৫২ ম্যাচে ২৪ গোল করেছেন এবং দুটি ঘরোয়া কাপ জিতেছেন। তবে প্রিমিয়ার লিগের উচ্চ গতির ফুটবলের সাথে তাল মেলাতে কিছুটা হিমশিমই খেয়েছেন ক্যাসেমিরো।
বর্তমানে ৩৪ বছর বয়সী এই তারকার সাথে ইউনাইটেডের চুক্তির মেয়াদ আগামী জুনেই শেষ হচ্ছে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো এসপোর্তের মতে, দুই পক্ষই এখন আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি ইতালিয়ান ফুটবল এবং সিরি আ নিয়ে সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ এবং বর্তমানে এসি মিলানের মাঝমাঠের কাণ্ডারি লুকা মদ্রিচের সাথে দীর্ঘ আলোচনা করেছেন ক্যাসেমিরো। মাদ্রিদে থাকাকালীন মদ্রিচ-ক্রুস-ক্যাসেমিরো ত্রয়ী ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ড হিসেবে পরিচিত ছিল। ধারণা করা হচ্ছে, মিলানে থাকা মদ্রিচের সাথে পরামর্শ করেই ইতালিতে আসার ব্যাপারে আগ্রহী হয়েছেন ক্যাসেমিরো।
ইন্টার মিলান প্রেসিডেন্ট বেপ্পে মারোত্তা সবসময়ই অভিজ্ঞ খেলোয়াড়দের ফ্রিতে দলে নিতে পছন্দ করেন। তবে ক্যাসেমিরোর বর্তমান বেতন ইন্টারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি বছরে প্রায় ১৮ মিলিয়ন ইউরো নিট বেতন পান। ইন্টার যদি তাকে দলে নিতে চায়, তবে ক্যাসেমিরোকে বড় অঙ্কের বেতন কমাতে হবে।
ফুটবল বিশেষজ্ঞদের মতে, ইতালিতে খেলতে হলে ক্যাসেমিরোকে ২ বছরের চুক্তিতে বছরে ৫ থেকে ৬ মিলিয়ন ইউরো বেতনে রাজি হতে হবে।

